একসময় দক্ষিণ ভারতীয় সিনেমার পর্দায় নিয়মিত দেখা যেত তাঁকে। কখনো রজনীকান্তের নায়িকা, কখনো কমল হাসানের বিপরীতে। মোহনলাল, মাম্মুটি, বিজয়কান্ত, বিষ্ণুবর্ধন—দক্ষিণ ভারতের প্রায় সব বড় তারকার সঙ্গেই অভিনয় করেছেন। অথচ জনপ্রিয়তার সেই সময়ে হঠাৎ সিনেমা থেকে উধাও হয়ে গেলেন রূপিণী। অভিনয় ছেড়ে চলে গেলেন যুক্তরাষ্ট্রে, পড়াশোনা করলেন চিকিৎসাবিদ্যায়। দেশে ফিরে মুম্বাইয়ে প্রতিষ্ঠা করলেন হাসপাতাল। যে হাতে একসময় ক্যামেরার সামনে নাচতেন, সেই হাতেই এবার মানুষের সেবার দায়িত্ব তুলে নিলেন

তাঁর জীবনের এই পরিবর্তন যতটা বিস্ময়কর, ততটাই কৌতূহলোদ্দীপক। কারণ, রূপিণী কখনোই কেবল অভিনেত্রী হতে চাননি। ছোটবেলায় তাঁর দুটি স্বপ্ন ছিল—নৃত্যশিল্পী ও চিকিৎসক হওয়া। সিনেমায় আসা ছিল অনেকটাই আকস্মিক

অমিতাভের সিনেমায় শিশুশিল্পী

রূপিণীর প্রকৃত নাম কোমল মহুভাকার। ১৯৬৯ সালের ৪ নভেম্বর মুম্বাইয়ে জন্ম তাঁর। বাবা আইনজীবী, মা চিকিৎসক। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল গভীর ভালোবাসা। মাত্র চার বছর বয়সে কত্থক নাচ শেখা শুরু করেন। পরে ভরতনাট্যম, কুচিপুড়ি ও ওডিশিতেও প্রশিক্ষণ নেন

সিনেমায় তাঁর অভিষেক ১৯৭৫ সালে। হৃষিকেশ মুখার্জি পরিচালিত অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ি অভিনীত ‘মিলি’ ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা যায় তাঁকে। এরপর ‘কোতওয়াল সাব’ ও ‘খুবসুরত’-এর মতো ছবিতেও অভিনয় করেন। তবে অভিনয়ের জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটুক, তা চাইতেন না তাঁর মা-বাবা। তাই ছোটবেলায় নিয়মিত সিনেমায় কাজ করার সুযোগ পাননি

১৯৮০ সালে ‘পায়েল কি ঝংকার’ ছবিতে বড়দের চরিত্রে অভিনয় শুরু করেন। পরবর্তী সময়ে ‘ঘুঙরু’, ‘মেরি আদালত’ ও ‘আওয়ারা বাপ’-এর মতো হিন্দি ছবিতেও কাজ করেন। কিন্তু তাঁর ভাগ্য বদলে দেয় দক্ষিণ ভারতীয় সিনেমা

১৯৮৮ সালে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে রূপিণী বলেছিলেন, ‘ছোটবেলায় বোম্বেতে নাচ শিখেছি। সব সময় নৃত্যশিল্পী হতে চেয়েছি। চিকিৎসক হওয়ারও ইচ্ছা ছিল। কখনো স্বপ্নেও ভাবিনি সিনেমায় আসব। পুরো ব্যাপারটাই ভাগ্যের খেলা।’

মোহনলালের অভিষেক ছবিতে হওয়ার কথা ছিল নায়িকা

রূপিণীর জীবনের মজার একটি অধ্যায় জড়িয়ে আছে মালয়ালম সিনেমার ইতিহাসের সঙ্গে। ১৯৮০ সালে ফাজিল পরিচালিত ‘মঞ্জিল ভিরিঞ্জা পুক্কাল’ ছবিতে নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। ছবিটি ছিল ফাজিলের পরিচালক হিসেবে অভিষেক এবং মোহনলালেরও অভিনয়জীবনের প্রথম সিনেমা

কিন্তু রূপিণীর মা-বাবা প্রস্তাবটি ফিরিয়ে দেন। তাঁদের আশঙ্কা ছিল, সিনেমার ব্যস্ততায় মেয়ের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে। বিকল্প হিসেবে তাঁরা পরিবারের পরিচিত পূর্ণিমা জয়রামের নাম প্রস্তাব করেন। শেষ পর্যন্ত পূর্ণিমাই ছবির নায়িকা হন। সেই ছবির মধ্য দিয়ে মালয়ালম সিনেমায় পরিচিতি পান মোহনলালও

তবে মোহনলালের সঙ্গে রূপিণীর অভিনয় করার সুযোগ একেবারে হারিয়ে যায়নি। ১৯৮৯ সালে জোশি পরিচালিত ‘নাডুভাঝিকাল’ ছবিতে দুজনকে একসঙ্গে দেখা যায়। ছবিটি বাণিজ্যিকভাবেও সফল হয়েছিল

সিনেমার দৃশ্যে মোহনলাল ও রূপিণী। এক্স থেকে

রজনীকান্ত, কমল হাসানদের নায়িকা

আশির দশকের মাঝামাঝি পর্যন্ত হিন্দি ছবিতে কাজ করলেও ১৯৮৭ সালে তামিল সিনেমায় পা রাখার পর রূপিণীর ক্যারিয়ার নতুন গতি পায়। ওই বছর রজনীকান্তের বিপরীতে ‘মানিথান’ এবং বিজয়কান্তের সঙ্গে ‘কুলিক্কারান’ ছবিতে অভিনয় করেন। একই সময়ে মোহনের সঙ্গেও কাজ করেন

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৮৯ সালে কমল হাসানের সঙ্গে ‘অপূর্ব সগোদরারগল’ এবং ১৯৯০ সালে ‘মাইকেল মাদানা কামা রাজন’ ছবিতে অভিনয় করেন। মাম্মুটির বিপরীতে দেখা যায় ‘মিথ্যা’ ছবিতে। এ ছাড়া ভেঙ্কটেশ, বিষ্ণুবর্ধন, সত্যরাজ ও অম্বারীশের মতো তারকাদের সঙ্গেও কাজ করেছেন

তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড়—বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করে দক্ষিণ

ভারতীয় সিনেমায় নিজের অবস্থান শক্ত করেন রূপিণী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের হিসাব অনুযায়ী, প্রায় দুই দশকের ক্যারিয়ারে তাঁর অভিনীত ছবির সংখ্যা ৭০টির কাছাকাছি

‘টারজান’ নায়িকা এখন কোথায় সিনেমা ছেড়ে ভিন্ন পেশায়

নব্বইয়ের দশকের মাঝামাঝি রূপিণীকে আর নিয়মিত সিনেমায় দেখা যাচ্ছিল না। একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রী ধীরে ধীরে অভিনয় থেকে সরে যান। ১৯৯৫ সালে ব্যবসায়ী মোহন কুমারকে বিয়ে করেন। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ডালাসের একটি বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি ন্যাচারোপ্যাথি বা প্রাকৃতিক চিকিৎসাবিদ্যার কোর্স সম্পন্ন করেন তিনি। দেশে ফিরে মুম্বাইয়ের চেম্বুরে প্রতিষ্ঠা করেন ইউনিভার্সাল হার্ট হাসপাতাল। যাঁদের চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য নেই, তাঁদের পাশে দাঁড়ানোই ছিল হাসপাতাল প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য

২০০৩ সালের ১৬ জুলাই প্রকাশিত মিড-ডের একটি প্রতিবেদনে রূপিণীর নতুন জীবনের বিস্তারিত উঠে এসেছিল। সেখানে তাঁকে হাসপাতালটির পরিচালনার সঙ্গে যুক্ত একজন চিকিৎসক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছিল, একসময় নাচ ও অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয় জয় করা রূপিণী এবার চেম্বুরের বাসিন্দাদের সুস্থ রাখার কাজে যুক্ত হয়েছেন। তাঁর জীবন তখন ঘর, স্বামী ও হাসপাতাল—এ তিনটি বিষয়কে ঘিরেই আবর্তিত হচ্ছিল

দীর্ঘ বিরতির পর আবার পর্দায়

বিয়ের পর সংসার ও চিকিৎসাসেবায় মনোযোগী হন রূপিণী। স্বামী মোহন কুমারের সঙ্গে তাঁর একটি মেয়ে রয়েছে, নাম অনীশা। অভিনয়ে ফেরার জন্য সহকর্মীদের কেউ কেউ উৎসাহ দিলেও দীর্ঘদিন সেই পথে হাঁটেননি তিনি

তবে পর্দার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেননি। ২০০৫ সালে ‘ওহ রেহনে ওয়ালি মেহলোঁ কি’ টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফেরার খবর পাওয়া যায়। পরে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রচারিত রাধিকা শরৎকুমার অভিনীত তামিল ধারাবাহিক ‘চিথি ২’-তেও অভিনয় করেন