হুমায়ুন আজাদের লাইনটির সাথে এক শিশুর ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে। শিশুটির নাম নিস্বর্গ হোসেন তূর্য। বিশেষ চাহিদাসম্পন্ন এই শিশুটি মারা গেছে তার মা কারাগারে থাকা অবস্থায়। তার মা শারমিন সুলতানা শর্মী ছিলেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক নেত্রী। যে বয়সে মায়ের হাত ধরে বেড়ে ওঠার কথা, সে বয়সে অনিশ্চয়তা ও অনিরাপত্তায় শেষ পর্যন্ত থেমে গেছে তূর্যর ছোট্ট জীবন
এমন মৃত্যু ডিঙিয়ে পৃথিবীতে মিষ্টি বকুলের ঘ্রাণ কি আর ছড়াবে? আর কোনো ফুল ফুটবার মতো কি নিরাপদ রইবে এই পৃথিবীর মাটি?
তূর্যর মা শর্মী যুব মহিলা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ বিচার করার জন্য আইন আছে। কিন্তু মায়ের রাজনৈতিক পরিচয়ের দায় সন্তানের নয়। তূর্য করেনি কোনো রাজনীতি। সে ছিল মায়ের ওপর নির্ভরশীল একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। তারও চিকিৎসা, যত্ন ও নিরাপত্তা পাওয়ার অধিকার ছিল
তূর্যর মৃত্যু আমাদের কিছু জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। একজন মা কারাগারে থাকলে তার ওপর নির্ভরশীল শিশুটির দায়িত্ব কে নেবে? শিশুটি বিশেষ চাহিদাসম্পন্ন হলে তার চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা কীভাবে হবে? তার দৈনন্দিন প্রয়োজনগুলো কে দেখবে?
রাষ্ট্র কাউকে গ্রেপ্তার করতে পারে। আইনের আওতায় আনতে পারে। কিন্তু তার ওপর নির্ভরশীল শিশুটির নিরাপত্তার দায়িত্বও রাষ্ট্রের। একটি শিশুর তো কোনো অপরাধ নেই। মায়ের কারাবাসের কারণে তার চিকিৎসা, যত্ন ও বেঁচে থাকার অধিকার ক্ষুণ্ন হতে পারে না
এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় রাষ্ট্রের আইনি দায়িত্বের প্রশ্নটিও সামনে আসে। নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩-তে অভিভাবকহীন ব্যক্তিদের সুরক্ষার বিষয়ে বিশেষ বিধান রয়েছে। আইনের ২৩ ধারায় নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে উপযুক্ত ব্যক্তি বা নিবন্ধিত সংগঠনকে আইনগত অভিভাবক নিয়োগের সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ এ ধরনের শিশুদের সুরক্ষায় আইনি ব্যবস্থাও রয়েছে। প্রশ্ন হলো, প্রয়োজনের সময় সেই ব্যবস্থা কতটা কার্যকর হচ্ছে?
একটি রাষ্ট্র কতটা মানবিক, তা বোঝা যায় তার সবচেয়ে অসহায় মানুষের প্রতি আচরণে। যারা নিজেদের প্রয়োজনের কথা বলতে পারে না, তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব রাষ্ট্রেরই বেশি। বিশেষ চাহিদাসম্পন্ন একটি শিশুর ক্ষেত্রে এই দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ
তূর্যর মৃত্যুকে রাজনৈতিক বিতর্কের মধ্যে আটকে রাখলে যুক্তি-তর্ক প্রাণ পাবে ঠিকই, মৃত্যু হবে শিশুর জন্য নিরাপদ পৃথিবীর স্বপ্নের
পৃথিবীতে ফুটবে না আর কোনো ফুল, ভালো থাকবে না মিষ্টি বকুল। তূর্যকেও আর ফিরিয়ে আনা যাবে না। তবে আর কোনো শিশুকে যেন এমন অসহায় পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সেই দিনের জন্য পৃথিবীকে নিরাপদ করার দায় রইল আমাদের কাঁধে
