‘আর কত অপেক্ষা?’ একটি মহল বলছে, তুমি নাকি শিগগিরই ফিরবে। আরেক মহলের প্রশ্ন, ‘শিগগির মানে কখন, সেটা কি তুমি নিজেও জানো?’
তুমি নেই। পুরো দেশটা যেন থমকে আছে। মানুষের চোখেমুখে হতাশা, মনে একরাশ ক্ষোভ। সবাই তোমার ফেরার অপেক্ষায়
তুমি নেই বলে আজ মানুষ রাস্তায় নেমে এসেছে। শহরের অলিগলি থেকে রাজপথ—সবখানেই একই আলোচনা। চায়ের দোকানে, বাসের ভেতর, অফিসের করিডরে—সবখানেই তোমার ফিরে আসার খবর নিয়ে
চলছে তুমুল জল্পনা
তোমার অভাবে কত কিছু যে থেমে আছে, তা কি তুমি জানো?
কারখানাগুলোতে উৎপাদন বন্ধ। শ্রমিকেরা বসে বসে মাছি মারছেন। মালিকেরা মাথায় হাত দিয়ে বসে আছেন। বিদেশি ক্রেতারা অর্ডার বাতিলের হুমকি দিচ্ছেন। কেউ কেউ তো কারখানা অন্য দেশে সরিয়ে নেওয়ার কথাও ভাবছেন। তাঁদের প্রশ্ন, ‘তোমাকে ছাড়া আর কত?’
হাসপাতালের অবস্থাও শোচনীয়। অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে। রোগীরা কাতরাচ্ছেন
আইসিইউতে থাকা মুমূর্ষু রোগীদের স্বজনেরা উৎকণ্ঠায় ছোটাছুটি করছেন। একজন আক্ষেপ করে বললেন, ‘তোমার জন্য আর কত অপেক্ষা করব? তুমি ফিরলে হয়তো আমাদেরও একটু স্বস্তি মিলবে।’
শিক্ষার্থীদের অবস্থাও তথৈবচ। পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না তারা। পড়ার টেবিলে অন্ধকার
মোমবাতির আলোয় পড়তে বসেও মন বসছে না। এক শিক্ষার্থী ক্ষোভ চেপে রাখতে না পেরে বলেই ফেলল, ‘তুমি না ফিরলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার!’
এদিকে উন্নয়নও থমকে আছে। মেগা প্রকল্পের কাজ বন্ধ। বহুতল ভবনের বাসিন্দারা সিঁড়ি ভেঙে ওঠানামা করছেন, আর প্রতি তলায় থেমে তোমার নামে একবার করে দীর্ঘশ্বাস ফেলছেন। শপিং মলে ক্রেতা নেই
রেস্তোরাঁর ওয়েটাররা অলস বসে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছেন
তোমার ফেরা নিয়ে নানা গুঞ্জন চলছে। প্রতিদিন নতুন নতুন শিরোনাম হচ্ছে: ‘ফেরার অপেক্ষায় দেশ’
‘আর কত অপেক্ষা?’ একটি মহল বলছে, তুমি নাকি শিগগিরই ফিরবে। আরেক মহলের প্রশ্ন, ‘শিগগির মানে কখন, সেটা কি তুমি নিজেও জানো?’
কেউ কেউ তোমার ফেরার সম্ভাবনাকে নিছক গুজব বলে উড়িয়ে দিচ্ছে। তবে তোমার ফেরার দাবিতে কেউ কেউ স্লোগান দিচ্ছে, পোস্টার বানাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছে। একটি পোস্টারে লেখা—‘তুমি ছাড়া দেশ অচল!’ কথাটা পড়ে বুকটা কেমন করে উঠল। সত্যিই তো, তোমাকে ছাড়া দেশ যেন চলতেই পারছে না
গতকাল রাতে এক প্রবীণ নাগরিককে দেখা গেল রাস্তার মোড়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন
চোখে–মুখে গভীর হতাশা। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘কী ব্যাপার, চাচা, কার অপেক্ষায় আছেন?’
তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘বাবা, আর পারছি না। অপেক্ষার প্রহর কবে শেষ হবে?’
আমি জিজ্ঞেস করলাম, ‘সে কি আপনার কোনো আত্মীয়, চাচা?’
তিনি বললেন, ‘আত্মীয়ের চেয়ে বেশি, বাবা। ওর অনুপস্থিতিতে আমরা সবাই যে যার ঘরে একা।’
আমি বললাম, ‘চাচা, সত্যিই যদি সে ফিরে আসে, তাহলে তো আপনাদের মুখে হাসি ফুটবে!’
তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ‘শুধু আমার নয় বাবা, সবার মুখে হাসি ফুটবে। কলকারখানা চলবে, হাসপাতাল সচল হবে, ছেলেমেয়েরা পড়তে পারবে। দেশটা আবার প্রাণ ফিরে পাবে।’
আমি আর কথা বাড়ালাম না
হঠাৎ পাশের বাড়ি থেকে চিৎকার শোনা গেল, ‘এই যে! সে এসেছে! সে এসেছে!’
মুহূর্তেই চারদিকে হইচই পড়ে গেল। ঘরে ঘরে বাতি জ্বলে উঠল, ফ্যানগুলো ঘুরতে শুরু করল। বন্ধ টেলিভিশনের পর্দায় নাটকের থেমে থাকা দৃশ্যটা আবার চলতে শুরু করল। মোবাইলের চার্জারের লাল আলো জ্বলে উঠল। মানুষের মুখে হাসি
চাচা আনন্দে লাফিয়ে উঠে বললেন, ‘অবশেষে ফিরেছে!’
আমি অবাক হয়ে বললাম, ‘কে ফিরেছে, চাচা?’
চাচা হেসে বললেন, ‘আরে, বিদ্যুৎ! এতক্ষণ যার জন্য এত হাহাকার করছিলাম!’
কিন্তু সে আনন্দ স্থায়ী হলো মাত্র দশ মিনিট। তারপর ফ্যানগুলো ধীরে ধীরে থেমে গেল, টেলিভিশনের পর্দা নিভে গেল, চার্জারের লাল আলোটাও ম্লান হয়ে গেল
চাচা আবার আকাশের দিকে তাকিয়ে নিচু গলায় বললেন
‘তুমি কবে ফিরবে?’
আপা কি আসবে ডিসেম্বরে? আমার আছে পাসপোর্ট এলপিজি এক্সপ্রেস আপা যেভাবে দেশে ফিরতে পারেন করপোরেট তেল কাকে কীভাবে খুশি করবেন? বেকারত্ব দূরীকরণের উপায় আজব দেশে মীনা স্যরি, আমরা খুশি হতে পারিনি! সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্ট
