রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ী নতুন গরুহাটি সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক লাইনের মাত্র দুই ফুট নিচে ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিল কুমার (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁর শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তিন কন্যাসন্তানের জনক অনিল কুমার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্থানীয় রেজওয়ানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে
জানা যায়, বাড়িটির ওপর দিয়ে বয়ে গেছে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন। অথচ সেই লাইনের মাত্র দুই ফুট নিচেই ছাদ ঢালাইয়ের কাজ করাতে শ্রমিক নিয়োগ করেন বাড়ির মালিক রেজওয়ান। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজের ঝুঁকি সম্পর্কে তাঁকে বারবার সতর্ক করা হলেও তাঁদের নিষেধ উপেক্ষা করেই কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি
ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিল কুমার গুরুতর দগ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান
ভবনটির বিদ্যুৎ লাইনে কাজ করা এক ইলেকট্রিশিয়ান বলেন, আমরা হেলে হেলে কাজ করেছি। ভবন মালিক রেজওয়ানকে আগেই বলেছিলাম, এখানে কাজ করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে
ছাদ ঢালাইয়ের কাজে নিয়োজিত আরেক শ্রমিক আলমগীর হোসেন বলেন, আমরা নিচে কাজ করার সময় হঠাৎ আগুন দেখতে পাই এবং বিকট শব্দ হয়। পরে উপরে গিয়ে দেখি অনিল কুমার পড়ে আছে। এরপর তাঁকে হাসপাতালে পাঠানো হয়
স্থানীয় বাসিন্দারা জানান, ভবন নির্মাণের সময় থেকেই তাঁরা মালিককে ঝুঁকির বিষয়টি বারবার জানিয়েছিলেন এবং নির্মাণকাজ বন্ধ রাখতে নিষেধ করেছিলেন। কিন্তু তাঁদের সতর্কতা উপেক্ষা করেই কাজ চালিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ভবন মালিকের ভূমিকা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা
এদিকে, বৈদ্যুতিক লাইনের এত কাছাকাছি ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মাণকাজ পরিচালনার ক্ষেত্রে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল কি না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি বা ছাড়পত্র ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে
এ ঘটনায় বক্তব্য জানতে ভবন মালিক রেজওয়ানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়
