পরীক্ষামূলক পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে গত সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতার আওতায় এসেছে। পর্যায়ক্রমে আনুমানিক ৪ কোটি ১০ লাখ খানাকে (পরিবার) এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা আছে সরকারের। এ লক্ষ্যে তথ্য সংগ্রহের কাজ চলছে। এ পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬ খানার তথ্য সংগ্রহ করা হয়েছে

গতকাল বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এই কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন এবং টাকা বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে বলেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েছে বিএনপি সরকার। নিম্ন আয়ের ও দরিদ্র পরিবারগুলোকে সরাসরি নগদ আর্থিক সহায়তা দেওয়া এ কর্মসূচির মূল লক্ষ্য। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের নারী সদস্য মাসে আড়াই হাজার টাকা পাচ্ছেন

গত ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজকল্যাণ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করছে

যতটা কাজ হয়েছে

গতকালের বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। সেখানে কর্মসূচিটি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে সমাজকল্যাণ মন্ত্রণালয় জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং পর্যায়ে ৮টি বিভাগের ৪২টি জেলার ৫৫টি ওয়ার্ডে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। প্রক্সি মিনস টেস্ট বা পিএমটি (পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করার পদ্ধতি) স্কোরের মাধ্যমে ৭৭ হাজার ৮৯৪ নারীকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচন করা হয়। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি খানা ভাতার আওতায় এসেছে

২০২৬-২৭ অর্থবছরে মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১২ অক্টোবর দেশের সব পরিবারের (আনুমানিক ৪ কোটি ১০ লাখ) তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে। তথ্য সংগ্রহের কাজে প্রায় ৭০ হাজার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। তথ্য সংগ্রহের কাজে মাঠপর্যায়ে প্রয়োজনীয় ৬৬ হাজার ৮১৫টি ট্যাব দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬ খানার তথ্য সংগ্রহ শেষ হয়েছে

ফ্যামিলি কার্ডের ভাতার টাকা সরাসরি উপকারভোগীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে পাঠানো হয়

মন্ত্রণালয় জানায়, ফ্যামিলি কার্ডের ভাতা বিতরণের কাজে সোনালী, জনতা, কৃষি ও পূবালী ব্যাংককে যুক্ত করা হয়েছে। এসব ব্যাংকের মাধ্যমে উপকারভোগীরা ব্যাংক হিসাব খোলা, কার্ড প্রস্তুত ও ব্যাংকিং সেবা পাবেন

মন্ত্রণালয় বৈঠকে জানায়, ভাতা উত্তোলন ও লেনদেনের কাজ করা যাবে ব্যাংকের এটিএম বুথ ও পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এজেন্টের মাধ্যমে। এ জন্য বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকসহ সব এমএফএস অপারেটরের সঙ্গে আন্তঃসংযোগ স্থাপনের কাজ চলছে

এ ছাড়া উপকারভোগীদের সিমকার্ড দেওয়া, ইন্টারনেট সেবা ও ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণফোন ও রবিকে কর্ম–এলাকা ভাগ করে দেওয়া হয়েছে

স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের তাগিদ

বৈঠকে মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিতকরণের পাশাপাশি উপকারভোগী নির্বাচন, তথ্য যাচাই এবং অর্থ বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, ফ্যামিলি কার্ড প্রকৃত উপকারভোগীকে দেওয়ার জন্য প্রয়োজনে একাধিকবার তদন্ত ও যাচাই এবং গণশুনানির ব্যবস্থা আছে

বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা এবং পিছিয়ে থাকা প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় কমিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের নির্দেশনা দেয়। সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেয়। বৈঠকে মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কার্যক্রমসংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যকে অবহিত করার সুপারিশ করা হয়

কমিটির সভাপতি মো. শাহজাহান কে বলেন, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। চলমান ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। কমিটি বলেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন স্বচ্ছতার সঙ্গে করতে হবে। ধর্ম–বর্ণনির্বিশেষে সঠিক ও ভাতা পাওয়ার যোগ্য মানুষেরা যেন এই কার্ড পান, সেটি নিশ্চিত করতে বলা হয়েছে

মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে অংশ নেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুণ রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান