লালমনিরহাটের কালীগঞ্জে একটি গোডাউন থেকে সহর বিবি (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে নুরুননাহার বেগম নামে অপর এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট এলাকার একটি গোডাউন থেকে তাঁদের উদ্ধার করা হয়
নিহত সহর বিবি উত্তর বিচনদই গ্রামের মৃত এলাহীর স্ত্রী। তিনি ওই গোডাউনের কেয়ারটেকার আশরাফুল ইসলাম রাজুর আপন ফুফু বলে জানা গেছে
স্থানীয়দের সূত্রে জানা যায়, গোডাউনটির মূল মালিক নুরুদ্দিন। তবে তাঁর অগোচরে জমিসহ গোডাউনটি স্থানীয় আবু শাহজালালের কাছে বিক্রি করা হয়েছে এমন আলোচনা এলাকায় রয়েছে। এ নিয়ে গোডাউনের কেয়ারটেকার আশরাফুল ইসলাম রাজুর সঙ্গে আবু শাহজালালের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে এই বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুরে মওলা জানান, সোমবার (৯ নভেম্বর) রাতেই ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
তিনি আরও জানান, বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ এবং অপর নারী কীভাবে আহত হয়েছেন, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ
