নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন বিপ্লব হোসেন। পুলিশের গুলিতে আহত হয়ে শরীরে বুলেটের ছররা নিয়ে দীর্ঘদিন যন্ত্রণা ভোগের পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন গেজেটভুক্ত এই জুলাই যোদ্ধা। পরিবারের অভিযোগ, অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে বিনা চিকিৎসায় মারা গেছেন তিনি। তাঁর মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি

বিপ্লব হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধের পাড় গ্রামের সুরুজ মিয়ার ছেলে। জুলাই গণঅভ্যুত্থানের গেজেট নম্বর ১১৬৩-ভুক্ত এই যোদ্ধা গত ১২ জুলাই রংপুর শহরে আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন। ওই সময় তাঁর শরীরে বুলেটের ছররা বিদ্ধ হয়। এরপর থেকেই শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের মতে, ট্রমাটিক সমস্যার পাশাপাশি তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন অসহনীয় যন্ত্রণা ভোগের পর শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বিপ্লব

জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাস করতেন বিপ্লব হোসেন। ঝালমুড়ি বিক্রি করে কোনোরকমে সংসার চালাতেন তিনি। তাঁর আয়ের ওপর নির্ভরশীল ছিলেন বৃদ্ধা মা, স্ত্রী ও তিন ছেলে এক মেয়েসহ পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হয়নি

বিপ্লবের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চিকিৎসার জন্য অনেক জায়গায় ঘুরেছি। টাকা নেই বলে ভালো চিকিৎসা করাতে পারিনি। তিনি ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন, সন্তানদের লেখাপড়া করাতেন। এখন আমরা কীভাবে বাঁচব, সন্তানদের ভবিষ্যৎ কী হবে?’

শনিবার সকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে হলদিবাড়ি পাবলিক কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন

এদিকে বিপ্লব হোসেনের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তিনি পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য আখতার হোসেন ঢাকা থেকে মুঠোফোনে পরিবারের খোঁজখবর নেন এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন

একজন জুলাই যোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে বিপ্লবের মৃত্যুর পর তাঁর অসহায় পরিবারটির ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্নই এখন সামনে এসেছে