তারুণ্যের শক্তিকে সুসংগঠিত করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) কুড়িগ্রাম শহরের আকবরিয়া কনভেনশন হলে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় যুবশক্তির ‘যুব সম্মেলন ২০২৬’। সেন্ট্রাল নেতৃত্ববৃন্দের সক্রিয় অংশগ্রহণ ও উপস্থিতিকে ঘিরে জেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল ও বাইক শোডাউনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর বিকেল ৩টায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং বিকেল ৩টা ৩০ মিনিটে আকবরিয়া কনভেনশন হলে মূল যুব সম্মেলন অনুষ্ঠিত হবে
জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তমালের সঞ্চালনায় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য (এমপি) ড. আতিকুর রহমান মুজাহিদ
অনুষ্ঠানে সেন্ট্রাল নেতৃত্ববৃন্দের মধ্যে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান বাবু, সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মুকুল মিয়া এবং কুড়িগ্রাম পৌরসভার মেয়র প্রার্থী ও এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া
এছাড়াও পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় প্রোগ্রাম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন দপ্তর সম্পাদক তারেক খান মজলিশ তারা এবং সিনিয়র সাধারণ সম্পাদক তাওহীদ হাসান শান্ত
যুব সমাজকে দেশগঠনমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে সেন্ট্রাল নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক নেতৃবৃন্দ
