ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখার জ্যেষ্ঠ এক কমান্ডার নিহত হয়েছেন। গতকাল শনিবার উপত্যকার খান ইউনিসের মাওয়াসি এলাকায় এ হামলা হয়
আজ রোববার হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড এ তথ্য জানিয়েছে। নিহত কমান্ডারের নাম সামির আবু ইউনিস। তাঁর বয়স ৫৩ বছর। তিনি রাফা ব্রিগেডের কমান্ডার ছিলেন
ইসরায়েলি সামরিক বাহিনীও রোববার হামাসের সশস্ত্র শাখার একজন জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে। তবে তারা ওই কমান্ডারের নাম প্রকাশ করেনি
গাজার স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, খান ইউনিসের মাওয়াসি এলাকায় একটি সড়কে আবু ইউনিসকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে তিনি নিহত হন। আহত হন আরও কয়েকজন
হামাসের ভাষ্য অনুযায়ী, ১৯৯১ সালে সংগঠনটির সশস্ত্র শাখায় যোগ দেন আবু ইউনিস। রাফা এলাকায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালন করেছেন। পরে রাফা ব্রিগেডের কমান্ডার হন। আজ বিকেলে খান ইউনিসে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে
২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গাজায় বড় ধরনের লড়াই বন্ধ হলেও ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। অন্যদিকে শর্ত অনুযায়ী হামাসের নিরস্ত্রীকরণও নিশ্চিত করা যায়নি
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে সেখানে ইসরায়েলের পাঁচ সেনাও নিহত হয়েছেন
ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ওই বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর গাজায় ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল
