পাকিস্তানের মতো বাংলাদেশও ভারতের ‘পানি আগ্রাসনের’ শিকার এবং নয়াদিল্লি বাংলাদেশের উত্তরাঞ্চলের বিশাল অংশকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
গত বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে সফররত বাংলাদেশি সংসদ সদস্য এবং পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন
মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ভারত থেকে ৫০টিরও বেশি ছোট-বড় নদী বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু নয়াদিল্লি একের পর এক বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে। কিছু নদীর উৎপত্তিস্থল চীনে হওয়া সত্ত্বেও ভারত বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে এই প্রবণতা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত করেছিলেন
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীনতার পর থেকে দেশ সামরিক ও বেসামরিক উভয় ধরনের কর্তৃত্ববাদী শাসন দেখেছে। তিনি বলেন, ‘আমাদের বেসামরিক স্বৈরশাসকরাই ছিল সবচেয়ে ভয়াবহ। শেখ হাসিনার অধীনে দেশে ১৫ বছর ধরে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল।’
আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী’ ও ‘দুর্বৃত্ত’ সংগঠন হিসেবে আখ্যায়িত করে তিনি জানান, দলটিকে নিষিদ্ধ করা না হলেও জনদাবির মুখে তাদের রাজনৈতিক কার্যক্রম সীমিত করা হয়েছে
সভায় উপস্থিত বাংলাদেশি প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরাও ঢাকা ও ইসলামাবাদের মধ্যকার সম্পর্ক ইচ্ছাকৃতভাবে নষ্ট করার জন্য শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলকে দায়ী করেন। প্রতিনিধিদলের সদস্যরা বলেন, ‘তিনি বাংলাদেশকে প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করেছিলেন। তবে আমরা অতীত ভুলে একটি নতুন, বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।’
ষাটের দশকের শেষের দিকে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের আগে কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণের স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন সাম্প্রতিক সেই একাডেমি সফরকে স্মৃতিকাতর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন, উভয় দেশের মানুষই ঘনিষ্ঠ যোগাযোগ ও দৃঢ় সম্পর্ক চায় এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে বাংলাদেশ ও পাকিস্তান অভিন্ন অবস্থানের মাধ্যমে একে অপরকে সমর্থন করবে
অনুষ্ঠানে পাকিস্তানি সাংবাদিকদের প্রশ্নের মূল কেন্দ্রবিন্দু ছিল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার সম্ভাবনা, এই আঞ্চলিক জোটে চীনকে অন্তর্ভুক্ত করার বিষয়, ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ এবং আগামী ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথিত পরিকল্পনা
সভার শুরুতে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, তাঁরা নিজেদের বাড়িতেই এসেছেন। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অতিথিদের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে অবহিত করেন, যেখানে বাংলাদেশ থেকে ইসলামাবাদে নিয়ে আসা পাকিস্তানি চলচ্চিত্র অভিনেত্রী শবনমের উপস্থিতির কথাও উল্লেখ করা হয়
