সায়েন্স ফিকশনের গল্পগুলো আমাদের এমন সব জায়গায় নিয়ে যায়, যেখানে এখনো মানুষের পা পড়েনি। কখনো মহাকাশের অজানা গ্রহে, কখনো ভবিষ্যতের এমন পৃথিবীতে, যেখানে মানুষের জীবন নিয়ন্ত্রণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা। আবার কখনো এমন এক বাস্তবতায়, যেখানে একই দিন বারবার ফিরে আসে। লেখকের কল্পনায় তৈরি এসব জগৎ পড়তে পড়তে কখনো মনে হয়, এমন কিছু কি সত্যিই ঘটতে পারে?
২০২৬ সালের নভেম্বরের সায়েন্স ফিকশন তালিকায় আছে নানা স্বাদের গল্প। কোনো বইয়ে মহাকাশযান ভেঙে ছিটকে পড়া নভোচারীদের বেঁচে থাকার লড়াই, কোনো বইয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু। আছে কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণে থাকা সমাজ, মহাবিশ্বের বিকল্প বাস্তবতা, মহাকাশের অন্ধকারে ভেসে চলা এক রহস্যময় সমাধি আর মৃত্যুকে জয় করার স্বপ্ন দেখা মানুষের ভয়ংকর পরিণতি। পরিচিত লেখকদের পাশাপাশি আছেন নতুন কল্পনার জগৎ তৈরি করা লেখকেরাও। চলুন, এসব বই সম্পর্কে জেনে নিই
১. এক্সোপ্ল্যানেট — বেঞ্জামিন পার্সি
লেখক বেঞ্জামিন পার্সির এই এক্সোপ্ল্যানেট সায়েন্স ফিকশন থ্রিলারের গল্প শুরু হয় ওয়াইল্ড ব্লু ইয়োন্ডার নামের একটি মহাকাশযানকে ঘিরে
মহাকাশযানটি ভেঙে পড়েছে। কিন্তু যাত্রীরা সবাই একই সময়ে নেই! কেউ আটকে গেছে ভবিষ্যতে, যেখানে যন্ত্রেরাই পৃথিবী ও মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে। কেউ আবার এমন এক অতীতে গিয়ে পড়েছে, যেখানে তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে ভয়ংকর ভিনগ্রহের প্রাণী। অথচ সবাই আছে একই গ্রহে। এই অদ্ভুত বিপদের নাম এক্সোপ্ল্যানেট
লেখক বেঞ্জামিন পার্সির এই সায়েন্স ফিকশন থ্রিলারের গল্প শুরু হয় ওয়াইল্ড ব্লু ইয়োন্ডার নামের একটি মহাকাশযানকে ঘিরে। মহাকাশে একটি কোয়ান্টাম অ্যানোমালির কারণে যানটি ভেঙে যায়। বেঁচে যাওয়া নভোচারীরা ছিটকে পড়ে একই গ্রহের ভিন্ন ভিন্ন সময়কালে। তাদের কারও সামনে অপেক্ষা করছে যন্ত্রনির্ভর ভবিষ্যৎ, কারও সামনে বিপজ্জনক অতীত। একে অন্যের সঙ্গে যোগাযোগ করা, নিজেদের অবস্থান বোঝা এবং বেঁচে থাকার উপায় খুঁজে বের করাই হয়ে ওঠে তাদের প্রধান চ্যালেঞ্জ
গল্পটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো সময়ের এই বিভাজন। সাধারণত মহাকাশ অভিযানের গল্পে নভোচারীরা অজানা গ্রহে গিয়ে বিপদের মুখোমুখি হয়। এখানে বিপদ আরও জটিল। একই জায়গায় থেকেও তারা একে অন্যের কাছে পৌঁছাতে পারছে না। কারণ তাদের মাঝখানে ব্যবধান কয়েক শতাব্দীর। একজনের পাঠানো বার্তা হয়তো অন্যজনের কাছে পৌঁছাবে এমন এক সময়ে, যখন তার পৃথিবীই বদলে যাবে
তবে আপাতত বইটি পড়তে পারবেন না, শুনতে পারবেন। এই অডিও ড্রামার নির্বাহী প্রযোজক অ্যান্ডি উইয়ার। নাম শুনে নিশ্চয়ই চিনতে পারছেন। বছরের শুরুতে প্রজেক্ট হেইল মেরি মুভি বক্স অফিস তোলপাড় করে দিয়েছে। এই মুভিটি বানানো হয়েছে অ্যান্ডি উইয়ারের প্রজেক্ট হেইল মারি উপন্যাস অবলম্বনে। সায়েন্স ফিকশন মুভির ভক্ত হলে নিশ্চয়ই দ্য মার্শিয়ান মুভি দেখেছেন। এটার গল্পও অয়ান্ডির লেখা। ফলে অ্যান্ডি এই প্রজেক্টে যুক্ত হওয়ায় এক্সোপ্ল্যানেট বইয়ের গুরুত্ব আরও বেড়ে গেছে। অবশ্য এখনো এটাকে বই বলা যায় কিনা, সেটা একটা প্রশ্ন। কারণ পড়তে পারবেন না যে! তবে ভবিষ্যতে এটি বই আকারে প্রকাশিত হতে পারে
আর এই গল্পটি লিখেছেন বেঞ্জামিন পার্সি। অ্যান্থনি ম্যাকি, আরিয়ানা ডিবোস ও জন লেগুইজামোর মতো অভিনেতারা এতে কণ্ঠ দিয়েছেন। শব্দ পরিকল্পনায় কাজ করেছে লুকাসফিল্মের স্কাইওয়াকার সাউন্ড
এটি প্রচলিত অডিওবুক নয়, বরং একাধিক অভিনেতা, সংলাপ ও শব্দ যুক্ত মিলিয়ে তৈরি পূর্ণাঙ্গ অডিও নাটক। যারা চোখের সামনে দৃশ্য না দেখেও শব্দের সাহায্যে মহাকাশের জগৎ কল্পনা করতে ভালোবাসেন, তাঁদের জন্য এটি হতে পারে দারুণ অভিজ্ঞতা
গ্যালেলিও, কোপার্নিকাস ও নিউটনের বই নিলামে, কিনতে খরচ হবে মাত্র ২০ লাখ ডলার গল্পটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো সময়ের এই বিভাজন। সাধারণত মহাকাশ অভিযানের গল্পে নভোচারীরা অজানা গ্রহে গিয়ে বিপদের মুখোমুখি হয়
২. এভরিথিং হ্যাপেনস সো মাচ — অ্যান্ড্রু হান্টার মারে
লেখক অ্যান্ড্রু হান্টার মারের লেখা এভরিথিং হ্যাপেনস সো মাচ বইয়ের প্রচ্ছদ
এসেম গুডের জীবন খুবই সাধারণ। একঘেয়ে চাকরি, চেনা শহর, প্রতিদিনের একই রকম ব্যস্ততা। নিজের জীবন নিয়ে তার বিশেষ কোনো অভিযোগ না থাকলেও মনে হয়, অন্য কোথাও হয়তো তার জীবন আরও ভালো হতে পারত। অন্য কোনো বাস্তবতায় হয়তো সে হতে পারত আরও সুখী, আরও সফল। এই কৌতূহল থেকেই তার জীবনে আসে এক অদ্ভুত জিনিস। দ্য এলসওয়্যারস। ছোট ছোট ওষুধ। সেগুলো খেলে সে নিজের বিকল্প বাস্তবতার অন্য সংস্করণগুলোতে ঘুরে আসতে পারে
কিন্তু সেসব বিকল্প জীবন দেখে তার মন ভালো হওয়ার বদলে আরও খারাপ হয়। কারণ, প্রতিটি বাস্তবতাতেই সে নিজের জীবনকে অন্যদের তুলনায় কম আকর্ষণীয় মনে করে। তারপর ঘটে এমন এক ঘটনা, যা এসেমের জীবন পুরোপুরি বদলে দেয়। সে বুঝতে পারে, অন্য সব বাস্তবতায় তার যত বিকল্প সংস্করণ ছিল, সেগুলো আর নেই। এখন একমাত্র এসেমই বেঁচে আছে। ফলে সে হয়ে ওঠে এই মহাবিশ্বের, এমনকি সম্ভবত সব মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আর সেই কারণেই তাকে খুঁজতে শুরু করে আন্তঃমহাজাগতিক একদল অনুসরণকারী
কল্পনাটা বেশ মজার। এত দিন যে মেয়েটি নিজের জীবন থেকে পালিয়ে অন্য বাস্তবতায় একটু স্বস্তি খুঁজছিল, হঠাৎ তাকেই হয়ে উঠতে হলো মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু এত বড় দায়িত্ব সামলানোর মতো মানসিক প্রস্তুতি কি তার আছে?
লেখক অ্যান্ড্রু হান্টার মারে এর আগে দ্য লাস্ট ডে উপন্যাসে এমন এক পৃথিবীর কথা লিখেছিলেন, যেখানে পৃথিবীর ঘূর্ণন থেমে গেছে। ফলে একদিকে স্থায়ী দিনের আলো, অন্যদিকে চিরস্থায়ী অন্ধকার। তাঁর নতুন বইয়েও বিজ্ঞান কল্পনার সঙ্গে হাস্যরস ও মানুষের দৈনন্দিন জীবনের অদ্ভুত দিকগুলো মিশে আছে। বিকল্প বাস্তবতা, কোয়ান্টাম ধারণা আর এক সাধারণ মানুষের অসাধারণ বিপদ মিলিয়ে বইটি সায়েন্স ফিকশনের পাশাপাশি রসিক বা কৌতুকপ্রিয় পাঠকদেরও টানতে পারে
আগস্ট মাসের সেরা কিছু বিজ্ঞানের বই প্রতিটি বাস্তবতাতেই সে নিজের জীবনকে অন্যদের তুলনায় কম আকর্ষণীয় মনে করে। তারপর ঘটে এমন এক ঘটনা, যা এসেমের জীবন পুরোপুরি বদলে দেয়
৩. মনস্টার্স অব ওহাইও — জন স্কালজি
জন স্কালজির লেখা মনস্টার্স অব ওহাইও বইয়ের প্রচ্ছদ
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ছোট্ট ও শান্ত শহর রিচল্যান্ড। সেখানে মানুষের জীবন খুব একটা ঘটনাবহুল নয়। কিন্তু শহরের একমাত্র বড় কারখানাটি যখন একটি লোভী বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হয়, তখন সবকিছু বদলে যেতে শুরু করে। কারখানাটি বন্ধ হওয়ার আশঙ্কায় শহরের মানুষ বিপদে পড়ে। তাদের জীবিকা, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে ওঠে
এমন পরিস্থিতিতে সাধারণত মানুষ প্রতিবাদ করে, আন্দোলন করে কিংবা শহর ছেড়ে চলে যায়। রিচল্যান্ডের মানুষ কিন্তু এমন কিছু করে বসে, যা কেউ কল্পনাও করেনি। তাদের শরীরে গজাতে শুরু করে অদ্ভুত সব শুঁড়! মানুষ হয়ে উঠতে থাকে দানবের মতো। এই পরিবর্তন কি তাদের দুর্বল করে দেবে, নাকি অন্যায়ের বিরুদ্ধে লড়ার নতুন শক্তি দেবে?
গল্পের কেন্দ্রীয় চরিত্র মাইক বয়েড। বহু বছর আগে রিচল্যান্ড ছেড়ে চলে গিয়েছিল সে। জীবনের নানা কাজ শেষে আবার শহরে ফিরে আসে। কিন্তু পুরোনো শহরে ফিরে সে দেখে, পরিচিত জায়গাটা আর আগের মতো নেই। শহরের পুলিশপ্রধানের সঙ্গে জড়িয়ে পড়ে এক অদ্ভুত ঘটনার তদন্তে। এরপর একের পর এক ঘটনা এমন দিকে মোড় নেয়, যার প্রভাব শুধু রিচল্যান্ড নয়, পুরো মানবজাতির ওপর পড়তে পারে
জন স্কালজি সায়েন্স ফিকশনে হাস্যরস, দ্রুতগতির কাহিনি ও সামাজিক ব্যঙ্গ মেশানোর জন্য পরিচিত। মনস্টারস অব ওহাইও তেও সেই পরিচিত ভঙ্গি আছে। এখানে দানবের গল্পের আড়ালে উঠে এসেছে করপোরেট লোভ, সাধারণ মানুষের অসহায়ত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রশ্ন। শহরের মানুষ দানব হয়ে উঠছে—এই অদ্ভুত কল্পনার মধ্যেও লেখক যেন প্রশ্ন তুলছেন, মানুষকে সত্যিকারের দানব বানায় কোনটি? শরীরের পরিবর্তন, নাকি ক্ষমতা ও লোভ?
কেন বই পড়বেন জন স্কালজি সায়েন্স ফিকশনে হাস্যরস, দ্রুতগতির কাহিনি ও সামাজিক ব্যঙ্গ মেশানোর জন্য পরিচিত। মনস্টারস অব ওহাইওতেও সেই পরিচিত ভঙ্গি আছে
৪. দ্য ফলিং — ক্যারোল হেইলি
ক্যারোল হেইলির লেখা দ্য ফলিং বইয়ের প্রচ্ছদ
ক্যাসির বাবা পৃথিবীর শেষ নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন। তিনি বিশ্বাস করতেন, পৃথিবীতে যেকোনো সময় ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। তাই মেয়েকে সাধারণভাবে বড় করার বদলে ছোটবেলা থেকেই তাকে শিখিয়েছেন কীভাবে বিপদের সময় বেঁচে থাকতে হয়। স্কুলের বদলে বাড়িতে পড়াশোনা, খেলাধুলার বদলে জরুরি প্রস্তুতি। বাড়ির গ্যারেজের একটি অংশও তৈরি করেছিলেন নিরাপদ আশ্রয় হিসেবে। সেখানে জমা ছিল টিনজাত খাবার, ব্যাটারি ও প্রয়োজনীয় জিনিসপত্র
ছোটবেলার সেই অদ্ভুত জীবন ক্যাসির মনে গভীর ছাপ ফেলেছিল। সে এখন মধ্যবয়সী। একা থাকে। বাবার শেখানো সতর্কতার অভ্যাস তার জীবন থেকে পুরোপুরি যায়নি। কিন্তু এত দিন পর্যন্ত বাবার আশঙ্কাকে বাস্তবের চেয়ে কল্পনাই বেশি মনে হয়েছে তার
হঠাৎ একদিন জ্যোতির্বিজ্ঞানীরা সৌরজগতে একটি গ্রহাণু শনাক্ত করেন। সেটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে। হিসাব বলছে, উত্তর ইউরোপে আঘাত হানার আশঙ্কা ক্রমেই বাড়ছে। ক্যাসির কাছে মনে হতে থাকে, বাবার সেই পুরোনো সতর্কবার্তাগুলো হয়তো এবার সত্যি হতে চলেছে। যে মানুষটিকে একসময় অতিরিক্ত ভীতু মনে হয়েছিল, তাঁর কাছ থেকেই হয়তো এবার বাঁচার উপায় শিখতে হবে
গ্রহাণু পৃথিবীতে আঘাত হানার গল্প সায়েন্স ফিকশনে নতুন নয়। কিন্তু ক্যারোল হেইলির উপন্যাসে বিপর্যয়ের পাশাপাশি গুরুত্ব পেয়েছে একটি পরিবারের সম্পর্ক, শৈশবের অভিজ্ঞতা এবং দীর্ঘদিন ধরে জমে থাকা মানসিক ক্ষত। পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু এখানে শুধু মহাজাগতিক বিপদ নয়; ক্যাসির অতীতের মুখোমুখি হওয়ারও উপলক্ষ
বাবার অদ্ভুত প্রস্তুতি কি শেষ পর্যন্ত মেয়ের জীবন বাঁচাবে? নাকি বিপদের সময় মানুষের সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠবে সেই সম্পর্ক, যেটিকে একসময় সে বুঝতেই পারেনি? পৃথিবীর শেষ নিয়ে গল্প হলেও উপন্যাসটির কেন্দ্রে রয়েছে মানুষ ও তার পরিবার
বই পড়ে লাভ কী ক্যারোল হেইলির উপন্যাসে বিপর্যয়ের পাশাপাশি গুরুত্ব পেয়েছে একটি পরিবারের সম্পর্ক, শৈশবের অভিজ্ঞতা এবং দীর্ঘদিন ধরে জমে থাকা মানসিক ক্ষত
৫. দ্য উন্ডস অব অ্যালবিয়ন — মাইকেল মুরকক
মাইকেল মুরককের লেখা দ্য উন্ডস অব অ্যালবিয়ন বইয়ের প্রচ্ছদ
মাইকেল মুরককের নাম সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি সাহিত্যে পরিচিত। তাঁর লেখায় বাস্তব ইতিহাস, পুরাণ, কল্পনার জগৎ আর অদ্ভুত সব চরিত্র প্রায়ই একসঙ্গে হাজির হয়। দ্য উন্ডস অব অ্যালবিয়ন সেই দীর্ঘ সাহিত্যিক যাত্রারই শেষ অধ্যায়। এটি তাঁর কাল্পনিক আত্মজীবনীমূলক ধারার তৃতীয় ও শেষ বই
এখানে লেখক নিজেই গল্পের চরিত্র। তবে তিনি শুধু নিজের বাস্তব জীবনের কথা বলছেন না। তাঁর কল্পনার জগতের নানা চরিত্রও এসে হাজির হচ্ছে। কখনো বাস্তব জীবনের পরিবার, লেখালেখি ও সংগীতের টানাপোড়েন, কখনো আবার এমন এক কল্পলোকের বিপদ, যেখানে নানা যুগের নায়ক, খলনায়ক, ঐতিহাসিক ব্যক্তি ও পুরাণের চরিত্রদের সঙ্গে তাঁর দেখা হচ্ছে
গল্পের সময়কাল মূলত ষাট ও সত্তরের দশক। সে সময়ের লন্ডনের সাংস্কৃতিক জীবন, সংগীত, লেখালেখি এবং মুরককের নিজের জীবনের নানা পরিবর্তন উঠে এসেছে বইটিতে। জিম মরিসন ও জি জি ব্যালার্ডের মতো বাস্তব জগতের পরিচিত নামের পাশাপাশি দেখা মিলবে কাল্পনিক চরিত্রদেরও। কোথাও গাড়ি ছিনতাই করছে অতীতের দস্যুরা, কোথাও এক বহুজাগতিক আবিষ্কার রক্ষার দায়িত্ব পড়েছে কারমেলাইট সন্ন্যাসীদের ওপর। আবার লেখকের নিজের জীবনেও চলছে সম্পর্কের ভাঙন, নতুন জীবনের সন্ধান এবং লেখক হিসেবে তাঁর সাফল্যের হিসাব
মুরককের এন্টারনাল চ্যাম্পিয়ন ধারার পাঠকেরা জানেন, তাঁর গল্পে এক চরিত্র নানা রূপে, নানা জগতে ফিরে আসতে পারে। এই বইয়ে বাস্তবের মুরকক আর তাঁর কল্পনার মুরকক যেন মুখোমুখি হন। আত্মজীবনী ও ফ্যান্টাসির সীমারেখা কোথায় শেষ, কোথায় শুরু; সেটিও এখানে সহজে আলাদা করা যাবে না
যারা সায়েন্স ফিকশনকে শুধু মহাকাশযান বা ভবিষ্যতের প্রযুক্তির গল্প মনে করেন, তাঁদের জন্য বইটি অন্য রকম অভিজ্ঞতা হতে পারে। এখানে কল্পবিজ্ঞান মিশেছে সাহিত্য, ইতিহাস, সংগীত ও ব্যক্তিগত স্মৃতির সঙ্গে
বই নিয়ে এই ১২ তথ্য জানতেন কি এখানে লেখক নিজেই গল্পের চরিত্র। তবে তিনি শুধু নিজের বাস্তব জীবনের কথা বলছেন না। তাঁর কল্পনার জগতের নানা চরিত্রও এসে হাজির হচ্ছে
৬. কোল্ড ইটারনিটি — এস. এ. বার্নস
এস. এ. বার্নসের লেখা কোল্ড ইটারনিটি বইয়ের প্রচ্ছদ
মৃত্যুকে হারানোর একটি উপায় যদি সত্যিই থাকত, ধনী মানুষেরা কি সেই সুযোগ নিতে চাইতেন? বিজ্ঞান যদি এমন প্রযুক্তি তৈরি করে, যার সাহায্যে মানুষকে দীর্ঘ সময়ের জন্য বরফশীতল অবস্থায় রেখে দেওয়া যায়, ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞান উন্নত হলে আবার জাগিয়ে তোলা সম্ভব হতে পারে; এমন আশা কি কেউ ছাড়তে চাইবে?
এস এ বার্নসের কোল্ড ইটারনিটি উপন্যাসের পটভূমিতে আছে এমনই এক স্বপ্ন। এক ধনকুবের প্রযুক্তি উদ্যোক্তা, জেল উইনফেল্ড, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের জন্য তৈরি করেছিলেন বিশাল এক মহাকাশযান। নাম ইলিসিয়ান ফিল্ডস। সেখানে মানুষকে ক্রায়োজেনিক অবস্থায় ঘুম পাড়িয়ে রাখা হবে। আশা, ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞান মৃত্যুকে জয় করার উপায় বের করবে। তখন এই মানুষদের আবার জাগিয়ে তোলা যাবে
কিন্তু সেই ভবিষ্যৎ আর আসেনি। প্রকল্পটি বন্ধ হয়ে গেছে। এক শতাব্দীরও বেশি সময় ধরে মহাকাশে ভেসে বেড়াচ্ছে যানটি। ভেতরে ঘুমিয়ে আছে পৃথিবীর একসময়ের সবচেয়ে ধনী মানুষদের দেহ। বাইরে থেকে নভোযানটিকে মনে হয় বিশাল এক ভাসমান সমাধি
এমন সময় সেখানে আশ্রয় নেয় হ্যালি জুইক। সে নিজেই বিপদের মধ্যে আছে। আন্তঃগ্রহীয় এক রাজনৈতিক ষড়যন্ত্র প্রকাশ করে ফেলায় তার পেছনে লেগেছে অনেক শক্তিশালী মানুষ। পালিয়ে বেড়াতে বেড়াতে সে ভেবেছিল, পরিত্যক্ত মহাকাশযানটি হবে লুকিয়ে থাকার নিরাপদ জায়গা
কিন্তু নভোযানে ওঠার পরই অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। অন্ধকার করিডরে ছায়া নড়ে ওঠে। দেয়ালের ভেতর থেকে শোনা যায় আঁচড়ানোর শব্দ। বাতাস চলাচলের সরু পথগুলোতে যেন কিছু একটা হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে। নভোযানের কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি হোলোগ্রাম ঠিকমতো কাজ করছে না। হ্যালি ধীরে ধীরে বুঝতে পারে, এই নভোযান হয়তো ততটা পরিত্যক্ত নয়, যতটা সে ভেবেছিল
মহাকাশের নিঃসঙ্গতা, ক্রায়োজেনিক প্রযুক্তি, মৃত্যুকে জয় করার স্বপ্ন আর অজানা প্রাণীর আতঙ্ক মিলিয়ে এটি স্পেস হরর ঘরানার উপন্যাস। যারা এলিয়েন বা সেভারেন্স –এর মতো গল্পে বিজ্ঞান ও আতঙ্কের মিশেল পছন্দ করেন, তাঁদের জন্য বইটি বেশ আকর্ষণীয় হতে পারে
বই পড়ার অভ্যাস আবার ফিরিয়ে আনবেন যেভাবে ভেতরে ঘুমিয়ে আছে পৃথিবীর একসময়ের সবচেয়ে ধনী মানুষদের দেহ। বাইরে থেকে নভোযানটিকে মনে হয় বিশাল এক ভাসমান সমাধি
৭. অন দ্য ক্যালকুলেশন অব ভলিউম (বুক ফাইভ) — সলভেই বালে
সলভেই বালের লেখা অন দ্য ক্যালকুলেশন অব ভলিউম (বুক ফাইভ) বইয়ের প্রচ্ছদ
প্রতিদিন সকালে ঘুম ভেঙে যদি দেখেন, ক্যালেন্ডারে সেই একই তারিখ? ১৮ নভেম্বর! বাইরে একই পৃথিবী, একই মানুষ, একই ঘটনা। গতকাল যা ঘটেছিল, আজও তা-ই ঘটছে। একদিন নয়, এক সপ্তাহ নয়, বছরের পর বছর ধরে একই দিন ফিরে আসছে। কেমন হবে জীবন?
ড্যানিশ লেখক সলভেই বালের অন দ্য ক্যালকুলেশন অব ভলিউম সিরিজের মূল ভাবনা এমনই। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র তারা সেল্টার। সে বহু বছর ধরে একই দিন, ১৮ নভেম্বর, বারবার বেঁচে চলেছে। সময় যেন তার জন্য থেমে গেছে। কিন্তু পৃথিবীর অন্য মানুষের জীবন থেমে নেই। তাদের অভিজ্ঞতা, সম্পর্ক, স্মৃতি সবকিছু একেকভাবে বদলে যাচ্ছে
পঞ্চম খণ্ডে তারার জীবনে এসেছে নতুন পরিবর্তন। আগে সে এই অদ্ভুত সময়চক্রে প্রায় একা ছিল। তার স্বামী থমাসের সঙ্গে সম্পর্কও নানা জটিলতার মধ্যে দিয়ে গেছে। এখন তারা নতুন মানুষদের সঙ্গে পরিচিত হচ্ছে। এমন এক সম্প্রদায়ের সন্ধান পাচ্ছে, যেখানে আরও অনেক মানুষ সময়ের এই অস্বাভাবিক ফাঁদে আটকে আছে। তাদের প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা, কিন্তু সবার জীবনেই একই প্রশ্ন—যখন সময় এগোয় না, তখন জীবনকে কীভাবে অর্থপূর্ণ করা যায়?
তারা ও থমাস দুজনেই একই দিনের পুনরাবৃত্তির মধ্যে থাকলেও তাদের অভিজ্ঞতা এক নয়। সম্পর্কের ভেতরেও তৈরি হয়েছে দূরত্ব ও নতুন উপলব্ধি। তারা এখন এমন এক জীবনের সম্ভাবনা দেখতে শুরু করেছে, যেখানে থমাসের বাইরে অন্য মানুষ, অন্য সম্পর্ক ও নতুন অভিজ্ঞতার জায়গা আছে
এই সিরিজের বিশেষত্ব হলো, এখানে সময় ভ্রমণ বা টাইম লুপকে শুধু রোমাঞ্চ তৈরির উপায় হিসেবে ব্যবহার করা হয়নি। একই দিন বারবার ফিরে আসার অভিজ্ঞতা দিয়ে লেখক মানুষের স্মৃতি, একাকিত্ব, দাম্পত্য সম্পর্ক, অভ্যাস ও সময়ের অর্থ নিয়ে প্রশ্ন তুলেছেন। বইটির ভাষাও প্রচলিত থ্রিলারের মতো দ্রুতগতির নয়; বরং ধীর, পুনরাবৃত্তিময় এবং ভাবনামূলক
এটি সিরিজের পঞ্চম বই। তাই আগের খণ্ডগুলো না পড়ে সরাসরি এই বইয়ে ঢুকলে তারার জীবনের অনেক পরিবর্তন বুঝতে অসুবিধা হতে পারে। যারা ধীরগতির, দার্শনিক ও ব্যতিক্রমী সায়েন্স ফিকশন পছন্দ করেন, তাঁদের জন্য পুরো সিরিজটি আলাদা অভিজ্ঞতা হতে পারে
আগামী দিনের বই ড্যানিশ লেখক সলভেই বালের অন দ্য ক্যালকুলেশন অব ভলিউম সিরিজের মূল ভাবনা এমনই। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র তারা সেল্টার
৮. ব্রিজ প্ল্যানেট নাইন — জ্যারেড থ্রোন
জ্যারেড থ্রোনের লেখা ব্রিজ প্ল্যানেট নাইন বইয়ের প্রচ্ছদ
একটি পরিত্যক্ত গ্রহ। সেখানে আর কোনো মানুষ থাকে না। মহাকাশযানগুলোও স্বয়ংক্রিয়, চালকহীন। এমন জায়গায় চুরি করার সুযোগ থাকলে চোরেরা কি হাতছাড়া করবে?
জ্যারেড থ্রোনের গ্রাফিক নভেল ব্রিজ প্ল্যানেট নাইন শুরু হয় এমনই এক পরিকল্পনা দিয়ে। চারজন চোর পৌঁছে যায় এক পরিত্যক্ত উপনিবেশ গ্রহে। তাদের লক্ষ্য, সেখানে এসে থামা একটি চালকবিহীন মালবাহী মহাকাশযান লুট করা। কাজটি সহজ হওয়ার কথা। গ্রহে কেউ নেই, নভোযানেও কোনো মানুষ নেই। কয়েক মিনিটের মধ্যেই সব শেষ করে চলে যাওয়ার কথা তাদের
কিন্তু গ্রহটি যতটা নির্জন মনে হয়েছিল, আসলে ততটা নয়। একসময় এখানে মানুষের বসতি ছিল। পরে করপোরেশনগুলো গ্রহটির প্রাকৃতিক সম্পদ আহরণ করতে শুরু করে। এখন সেখানে শুধু যন্ত্রের উপস্থিতি। মানুষের অনুপস্থিতির পেছনে যে ইতিহাস আছে, সেটিও কিন্তু সুখকর নয়। চার চোর ধীরে ধীরে সেই ইতিহাসের অন্ধকার দিকের মুখোমুখি হয়
তাদের ছোট্ট চুরির পরিকল্পনা পরিণত হয় প্রাণ বাঁচানোর লড়াইয়ে। গ্রহটির অতীত, গোপন রহস্য এবং সেখানে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনা তাদের বিপদে ফেলে। একে অন্যের ওপর পুরোপুরি ভরসা করতে না পারা এই চারজনকে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য একসঙ্গে কাজ করতে হবে
এটি প্রচলিত উপন্যাস নয়, গ্রাফিক নভেল। অর্থাৎ গল্পের বড় অংশই উঠে এসেছে ছবি ও সংলাপের মাধ্যমে। প্রকাশকের বর্ণনা অনুযায়ী, এর আঁকায় আছে গাঢ় কালির ভিজ্যুয়াল, আর গল্পের গতি বেশ টানটান। মহাকাশে ডাকাতি, পরিত্যক্ত উপনিবেশ, করপোরেট শোষণ ও বেঁচে থাকার লড়াই—সব মিলিয়ে যারা ভিজ্যুয়াল সায়েন্স ফিকশন পছন্দ করেন, তাঁদের জন্য বইটি ভালো পছন্দ হতে পারে
বইটি সম্পর্কে আরেকটি তথ্য দেওয়া দরকার। এটি চলতি বছর নভেম্বরের নতুন প্রকাশিত বই নয়। এটি ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত হয়েছিল। এখন নতুন মুদ্রণে আবার বাজারে এসেছে
২০২৬ সালে আসছে আন্তর্জাতিক যেসব বিজ্ঞানের বই একসময় এখানে মানুষের বসতি ছিল। পরে করপোরেশনগুলো গ্রহটির প্রাকৃতিক সম্পদ আহরণ করতে শুরু করে। এখন সেখানে শুধু যন্ত্রের উপস্থিতি
৯. আলফা — লিলজা সিগুরদারদোত্তির
লিলজা সিগুরদারদোত্তির লেখা আলফা বইয়ের প্রচ্ছদ
২০৫২ সালের রেইকিয়াভিক। ইউরোপ এখন শান্ত, সমৃদ্ধ এবং প্রায় অপরাধমুক্ত। শহরের অবকাঠামো, নিরাপত্তা, দৈনন্দিন জীবন পরিচালনা করে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। তার নাম Ɐlfa (আলফা)। মানুষের জীবনকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখাই তার কাজ। অপরাধ প্রায় নেই বললেই চলে। এমন সমাজে খুনের ঘটনা ঘটার কথা নয়
কিন্তু একদিন খুন হয় সাবিনার ভাই বিরকির। সে ছিল ভিন্নমতাবলম্বী। কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণের বাইরে থাকতে চাইত। তার মৃতদেহ পাওয়ার পর প্রশ্ন ওঠে, যেখানে অপরাধ ঠেকানোর জন্য এত উন্নত ব্যবস্থা আছে, সেখানে খুন হলো কীভাবে? কে করল এই খুন?
সাবিনার সঙ্গী মেক্কিন কাজ করে সরকারের এমন একটি মন্ত্রণালয়ে, যেখানে এই কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ব্যবস্থার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ফলে তদন্তের সঙ্গে সঙ্গে মেক্কিনও নজরদারির আওতায় চলে আসে। অন্যদিকে সাবিনা ভাইয়ের শেষ দিনগুলোর ঘটনা খুঁজতে গিয়ে এমন সব তথ্য পেতে থাকে, যা তাদের পরিবারের জীবনেও অস্থিরতা তৈরি করে। তাদের কিশোর ছেলেও সম্প্রতি এই নিয়ন্ত্রণব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। ফলে পরিবারের ভেতরেও তৈরি হয় নতুন টানাপোড়েন
লিলজা সিগুরদারদোত্তিরের এই উপন্যাসে সায়েন্স ফিকশনের সঙ্গে মিশেছে অপরাধ-রহস্য। এখানে প্রশ্ন শুধু কে খুন করেছে, তা নয়; বরং আরও বড় প্রশ্ন, কোনো সমাজকে অপরাধমুক্ত করতে গিয়ে যদি মানুষের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে তুলে দেওয়া হয়, তাহলে সেই সমাজ আসলে কতটা নিরাপদ?
বইটি আইসল্যান্ডের ‘ক্রাইম বুক অব দ্য ইয়ার’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে। যাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যতের সমাজ ও গোয়েন্দা গল্প একসঙ্গে পড়তে চান, তাঁদের জন্য আলফা বেশ জমজমাট গল্প হতে পারে
মানুষ আর আগের মতো বই পড়ে না কেন সাবিনার সঙ্গী মেক্কিন কাজ করে সরকারের এমন একটি মন্ত্রণালয়ে, যেখানে এই কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ব্যবস্থার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে
১০. ইটারনিটি’স টম্ব — ড্যান মোরেন
ড্যান মোরেনের লেখা ইটারনিটি’স টম্ব বইয়ের প্রচ্ছদ
মহাকাশে ভেসে যাচ্ছে একটি সমাধি। সেটি কোনো সাধারণ সমাধি নয়। বহু সহস্রাব্দ আগে এক উন্নত সভ্যতা তাদের মৃত রাজাকে সমাধিসহ মহাকাশে পাঠিয়ে দিয়েছিল। তাঁর সঙ্গে ছিল বিপুল ধনসম্পদ। আর সমাধিটির গন্তব্য একটি অতিভারী কৃষ্ণগহ্বর। সেখানে পৌঁছালে ধনসম্পদসহ সবকিছু হারিয়ে যাবে মহাকাশের অন্ধকারে
এই সমাধিতে পৌঁছানোর আগেই যদি সেটি লুট করা যায়, তাহলে পাওয়া যেতে পারে ইতিহাসের সবচেয়ে বড় গুপ্তধন। এমনই এক প্রস্তাব পায় সাবেক অপরাধী জেড। কিন্তু প্রস্তাবটি সাধারণ কেউ দেয়নি, দিয়েছে কাচের পাত্রে ভাসমান একটি মস্তিষ্ক!
জেডের হাতে তখন বিশেষ কোনো কাজ নেই, টাকাও নেই। তাই অদ্ভুত প্রস্তাবটি সে ফিরিয়ে দিতে পারে না। কাজটি করতে তাকে জোগাড় করতে হয় এক বিচিত্র দল। সঙ্গে আছে তার পুরোনো অপরাধজগতের সঙ্গী, ভালুকের মতো দেখতে গ্রাহাম। আছে দক্ষ মহাকাশযান চালক ও জেডের সাবেক প্রেমিকা ট্রিক্স। আরও আছে জিনগতভাবে তৈরি এক ভয়ংকর শিকারি পাখি, যার নাম হুইসলার। তাদের সঙ্গে যোগ দেয় সেই ভাসমান মস্তিষ্ক, আয়েক্স
এবার এই দলকে পৌঁছাতে হবে কৃষ্ণগহ্বরের দিকে ধেয়ে চলা সমাধিতে। সেখানে অপেক্ষা করছে প্রাণঘাতী প্রতিরক্ষা ব্যবস্থা, বিপজ্জনক ফাঁদ এবং এমন সব রহস্য, যা তাদের পরিকল্পনাকে মুহূর্তেই ভেস্তে দিতে পারে। তার ওপর দলের সদস্যদের মধ্যে সম্পর্কও খুব একটা মসৃণ নয়। একে অন্যকে বিশ্বাস করতে না পারলে গুপ্তধন তো দূরের কথা, প্রাণ নিয়ে ফিরতেও পারবে না তারা
ড্যান মোরেনের উপন্যাসটি মূলত মহাকাশে গুপ্তধন খোঁজার অভিযান। তবে এর মজাটা শুধু বিপজ্জনক ফাঁদ বা কৃষ্ণগহ্বরের কাছে পৌঁছানোর উত্তেজনায় নয়। অদ্ভুত চরিত্রদের পারস্পরিক সম্পর্ক, হাস্যরস ও দুর্দান্ত সব বিপত্তি গল্পটিকে আলাদা স্বাদ দিয়েছে। প্রকাশক বইটিকে গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি র মতো মজার মহাকাশ অভিযানের সঙ্গে তুলনা করেছেন। যারা গুরুগম্ভীর সায়েন্স ফিকশনের বদলে হালকা মেজাজের রোমাঞ্চকর গল্প চান, তাঁদের জন্য এটি উপযুক্ত হতে পারে
আইনস্টাইনকে গভীরভাবে প্রভাবিত করেছিল যে ৫ বই জেডের হাতে তখন বিশেষ কোনো কাজ নেই, টাকাও নেই। তাই অদ্ভুত প্রস্তাবটি সে ফিরিয়ে দিতে পারে না। কাজটি করতে তাকে জোগাড় করতে হয় এক বিচিত্র দল
১১. ডেডলক — ক্লোয়ি গং
ক্লোয়ি গংয়ের লেখা ডেডলক বইয়ের প্রচ্ছদ
পৃথিবী ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। তাই মানুষ বাস্তব পৃথিবী ছেড়ে আশ্রয় নিয়েছে ভার্চুয়াল রিয়েলিটিতে। সেখানে তারা নতুন জীবন গড়েছে। কিন্তু সেই কৃত্রিম জগতের নিয়ন্ত্রণ যাদের হাতে, তাদের ক্ষমতা কতটা ভয়ংকর হতে পারে?
ক্লোয়ি গংয়ের দ্য স্ট্রেঞ্জলুম ট্রিলজি সিরিজের দ্বিতীয় বই ডেডলক । এই বইয়ের গল্প এগিয়েছে ওপরের প্রশ্নকে ঘিরে। সিরিজের প্রথম বইয়ের ঘটনার পর এবার সামনে এসেছে আরও বড় সংঘাত। কাহিনির প্রধান চরিত্র ইরালে ওয়ার্ড, যার আরেক নাম লিয়া। একসময় সে ছিল নাইলকর্পের অনুগত এলিট সৈনিক। কিন্তু এখন সে গোপনে কাজ করছে কোয়ালিশনের হয়ে। তার দায়িত্ব নাইলকর্পের ভেতরে থেকে প্রতিষ্ঠানটিকে দুর্বল করে দেওয়া
প্রথমে মনে হয়েছিল, শত্রুপক্ষের বিপজ্জনক অভিযান থেকে ফিরে আসার পর লিয়ার সব সমস্যা মিটে গেছে। নাইলকর্প তার বিরুদ্ধে আনা বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে নিয়েছে, ফিরিয়ে দিয়েছে তার পুরোনো মর্যাদাও। কিন্তু লিয়া জানে, তার আসল পরিচয় এখন অন্য। সে দ্বৈত চর হিসেবে কাজ করছে। একদিকে প্রতিষ্ঠানের আস্থা ধরে রাখতে হবে, অন্যদিকে ভেতর থেকে সেটিকে ধ্বংস করার পথ খুঁজতে হবে
এদিকে নিক গ্রান্টও বিপদে। একটি গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্ধার করতে পারলেও তার কারণে কাছের মানুষদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। নাইলকর্প তাকে খুঁজছে। কোয়ালিশনের সঙ্গে কাজ করলেও নিক মনে করে, শত্রুর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু কোয়ালিশন চাইছে ধৈর্য ধরে এগোতে। সময় যত যাচ্ছে, তাদের মধ্যে মতবিরোধও বাড়ছে
নাইলকর্পের ক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠছে। ভার্চুয়াল জগতের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রায় সর্বগ্রাসী। এই নিয়ন্ত্রণ ভাঙতে হলে লিয়াকে নিজের ক্ষমতা ও পরিচয় সম্পর্কে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। সে কি ব্যবস্থাটিকে বদলাতে পারবে, নাকি সবকিছু ধ্বংসের ঝুঁকি নিতে হবে?
বইটি সিরিজের দ্বিতীয় খণ্ড। তাই প্রথম বইয়ের চরিত্র ও ঘটনাগুলোর সঙ্গে পরিচয় থাকলে গল্পের গভীরতা বেশি উপভোগ করা যাবে। ভার্চুয়াল বাস্তবতা, করপোরেট ক্ষমতা, নজরদারি, বিদ্রোহ এবং ব্যক্তিগত আনুগত্যের সংঘাত মিলিয়ে বইটি ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশনপ্রেমীদের জন্য নতুন সংযোজন হতে পারে
সূত্র: নিউ সায়েন্টিস্ট, পেঙ্গুইন বুকস ও অ্যাটলান্টিক বুকস
যে ৫ কারণে প্রতিদিন বই পড়া উচিত
