স্বাগত!

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল। মিরপুর টেস্টে র লাইভে আপনাকে স্বাগত

বাংলাদেশ অধিনায়কের চোখ শুধু মিরপুর টেস্টেই

টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় চারে থাকা বাংলাদেশের ফাইনালে যেতে হলে বর্তমান চক্রে হাতে থাকা ছয় টেস্টের অন্তত চারটিতে জিততেই হবে, যার শুরুটা তারা করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন অবশ্য গতকাল জানিয়েছেন, আপাতত তাঁর চোখ শুধু মিরপুর টেস্টে। মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে এখনই তিনি ভাবছেন না

পয়েন্ট তালিকায় আটে থাকায় ওয়েস্ট ইন্ডিজের অবশ্য সে রকম কোনো চাপ নেই। সেরা পাঁচে থেকে চক্র শেষ করতে পারলেই তারা খুশি। তাতে অন্তত বাড়তি কিছু আর্থিক সুবিধা তো মিলবে!

গতকাল সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন

টস

মিরপুর টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন

দুই দলই খেলছে তিন স্পিনার ও দুই পেসারের কম্বিনেশন নিয়ে

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম

চোটের কারণে নেই মুশফিক

গতকাল সকালে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তখন ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। ডান হাতের তর্জনিতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়া মুশফিক গতকাল আর ব্যাটিংও করেননি। এক্সরে রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় কাল রাতে বলা হয়েছিল তিনি একাদশের জন্য বিবেচনায় থাকবেন। তবে শেষ পর্যন্ত তাঁকে রাখা হয়নি। ২০২৪ এর ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেননি মুশফিক। তখনো চোটের কারণে তিনি দলে ছিলেন না

চোটের কারণে দলে নেই মুশফিক

মুশফিকের জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে সাড়ে তিন শ রানের ইনিংস খেলেছেন

বাংলাদেশ তাদের একাদশ সাজিয়েছে দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তিন স্পিনার নিয়ে

ভালো শুরু ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদশ ১ম ইনিংস: ৩ ওভারে ৩/০

ওপেনার সাদমান ইসলাম এখনো রান করতে পারেননি। তানজিদ হাসানের ব্যাট থেকে এসেছে ৩ রান। ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেইডেন সিলস ও শামার জোসেফ শুরুটা করেছেন দারুণ

তানজিদের বিদায়

বাংলাদশ ১ম ইনিংস: ৭ ওভারে ১০/১

৭ রানে ফিরলেন তানজিদ। জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন এই ওপেনার। সিলসের অফ স্টাম্পের কাছে লেংথ বলটি বাইরে বেরিয়ে যাচ্ছিল। কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো গ্রিভসের হাতে

সকালে নতুন বল হাতে ওয়েস্ট ইন্ডিজের দুই পেসারই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করছিলেন। তানজিদের উইকেটে ধারাবাহিক চেষ্টার পুরস্কার পেয়েছেন সিলস

৭ রানে ফিরেছেন তানজিদ

মুমিনুলের কীর্তি

প্রথম শ্রেণির ক্রিকেটে মুমিনুল হকের রান এখন ১১ হাজারের বেশি। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মুমিনুল। ১১০০০‍+ মুমিনুল ও সাদমানের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

বাংলাদশ ১ম ইনিংস: ১৩ ওভারে ৩৪/১

প্রথম ঘণ্টায় ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেইডেন সিলস ও শামার জোসেফ দারুণ বোলিং করেছেন। যদিও উইকেট পেয়েছেন মাত্র একটি, ৭ রান করে ফিরেছেন তানজিদ

মিরপুর টেস্টের একাদশে নেই তাসকিন আহমেদ

মুমিনুল‍+সাদমান

বাংলাদেশ ১ম ইনিংস: ১৯ ওভারে ৬০/১

দ্বিতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি গড়েছেন সাদমান ও মুমিনুল। সাদমান অপরাজিত ২৬ রানে, মুমিনুল ২৫ রানে। দুজনেই ইতিবাচক ব্যাটিং করছেন। বাউন্ডারি পাচ্ছেন, সঙ্গে এক–দুই রানে প্রান্ত বদলও করছেন

যেভাবে ফিরলেন মুমিনুল

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩ ওভারে ৭৭/২

আরেকবার বড় ইনিংসের স্বপ্ন দেখিয়েছেন। তবে এবারও ইনিংসটা বড় করতে পারলেন না মুমিনুল হক। আউট হলেন ২৮ রান করে

জোমেল ওয়ারিকানের মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন মুমিনুল। মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি। সরাসরি মিড অফে দাঁড়ানো শামার জোসেফের হাতে চলে যায় ক্যাচ

যেভাবে আউট হলেন মুমিনুল

প্রথম সেশন শেষে...

মিরপুর টেস্টের প্রথম সেশনটা বাংলাদেশেরই বলা যায়। লাঞ্চে যাওয়ার আগে ২৯ ওভারে ২ উইকেটে ৯৬ রান করেছে বাংলাদেশ

যদিও প্রথম সেশনের শেষদিকে মুমিনুল ২৮ রান করে আউট না হলে বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকত

২৮ রানে আউট হয়েছেন মুমিনুল

ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছিল দুর্দান্ত। দুই পেসার সিলস ও জোসেফ নতুন বলে দারুণ বোলিং করেছেন। শুরুতেই ফিরিয়েছিলেন তানজিদ হাসানকে। এরপর মুমিনুলকে নিয়ে সাদমান ৫৯ রানের জুটি গড়েন। মুমিনুল ফেরার পর অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গে সাদমান গড়েছেন অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৯ ওভারে ৯৬/২ (সাদমান ৪২, মুমিনুল ২৮, নাজমুল ১৫, তানজিদ ৭; ওয়ারিক্যান ১/১১, সিলস ১/১০, জোসেফ ০/৭, চেজ ০/৩২, গ্রিভস ০/১৫)

বাংলাদেশের ১০০

বাংলাদেশ ১ম ইনিংস: ৩২ ওভারে ১০৩/২

১০০ রান পার হলো বাংলাদেশের। ফিফটির পথে আছেন ওপেনার সাদমান, তিনি ব্যাটিং করছেন ৪৬ রানে। ১৭ রানে অপরাজিত নাজমুল হোসেন

সাদমানের দশম ফিফটি

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪ ওভারে ১০৯/২

দারুণ ফিফটি পেলেন সাদমান। বাংলাদেশের এই ওপেনারের শুরুটা হয়েছিল নড়বড়ে। ইনিংসের ১৬তম বলে প্রথম রানের দেখা পেয়েছিলেন। তবে সময় যত গেছে তত সাবলীল হয়েছেন। টেস্টে এটি তাঁর ১০ম ফিফটি

১৯ রানে ফিরলেন নাজমুল

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬ ওভারে ১১২/৩

ওয়ারিক্যানের বলে সুইপ খেলতে গিয়ে বল মিস করেন নাজমুল। ওয়েস্ট ইন্ডিজ জোরালো আবেদন করলেও আম্পায়ার আউট দেননি। তবে রিভিউয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। রিপ্লেতে দেখা যায়, বল পিচ করেছে স্টাম্প লাইনে, ইমপ্যাক্টও লাইনে এবং বল গিয়ে লাগত মিডল-লেগ স্টাম্পে

নাজমুল আউট হয়েছেন ১৯ রান করে। নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়

ইনিংস বড় করতে পারেননি নাজমুল

নতুন জুটি

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৫ ওভারে ১৩৮/৩

চতুর্থ উইকেটে সাদমান–হৃদয়ের ব্যাট থেকে এসেছে অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি। ১৯ রানে ব্যাটিং করছেন হৃদয়। ৫৯ রানে অপরাজিত সাদমান। দুজনেই সাবলীলভাবেই খেলছেন

বাংলাদেশের ১৫০

বাংলাদেশ ১ম ইনিংস: ৫২ ওভারে ১৫১/৩

বড় ইনিংসের স্বপ্ন দেখাচ্ছেন সাদমান। যদিও রানের গতিটা খুব একটা বাড়াতে পারছেন না। ব্যাটসম্যানের আত্মবিশ্বাসের জন্য যেটা দরকার! সাদমান অপরাজিত ৬৬ রানে

সেই তুলনায় হৃদয় দ্রুত রান তুলছেন। তিনি অপরাজিত ২৫ রানে

দ্বিতীয় সেশন শেষে

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৯ ওভারে ১৭৭/৩

মিরপুর টেস্টের দ্বিতীয় সেশনটাও বাংলাদেশের। এই সেশনে বাংলাদেশ উইকেট হারিয়েছে একটি। সেশনের শুরুর দিকেই ১৯ রানে ফিরেছেন নাজমুল। বাকি গল্পটা সাদমান ও হৃদয়ের। এই দুজনে মিলে তুলেছেন ৬৭ রান। সাদমান অপরাজিত ৭৯ রানে, হৃদয় অপরাজিত ৩৬ রানে

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৯ ওভারে ১৭৭/৩ (সাদমান ৭৯*, হৃদয় ৩৯* মুমিনুল ২৮, তানজিদ ৭; ওয়ারিক্যান ২/২৮, সিলস ১/১৪, জোসেফ ০/২৪, চেজ ০/৩৮, গ্রিভস ০/৩০)

ক্রাম্পের শিকার হৃদয়

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৫ ওভারে ১৯০/৩

মাঠে বেশ গরম। ৬৫তম ওভারে দ্বিতীয় বলে সাদমান ২ রান নেওয়ার পর ক্রিজের পাশেই শুয়ে পড়ে প্রাথমিক চিকিৎসা নেন তাওহিদ হৃদয়। ফিজিও মাঠে গিয়ে তাঁকে পরিচর্যা করেন। সম্ভবত ক্রাম্পের শিকার হয়েছেন

তৃতীয় সেশনের খেলা শুরুর পর সেটা ছিল চতুর্থ ওভার

১৬৮ বলে ৮০ রানের জুটি গড়েছেন সাদমান ও হৃদয়। সাদমান ৮৮ ও হৃদয় ৪০ রানে অপরাজিত

হৃদয়ের চোট, মাঠ ছাড়লেন স্ট্রেচারে

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৬ ওভারে ১৯৮/৩

প্রাথমিক চিকিৎসা নিয়ে একটু সুস্থ হয়ে ওঠার দুই বল পরই (৬৫.৫ ওভার) আবারও বসে পড়েন হৃদয়। জশুয়া বিশপের ওই ওভারে পঞ্চম বলে একটি রান নেওয়ার পর আর দাঁড়িয়ে থাকতে পারেননি। বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ধরে বসে পড়েন। চোট তাহলে গুরুতর! তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়

৪২ রানে মাঠ ছাড়তে হয় হৃদয়কে

হৃদয় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ৮৪ বলে করেন ৪২ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন লিটন দাস। সাদমান ৯৪ রানে অপরাজিত

আলোকস্বল্পতায় খেলা বন্ধ

আলোকস্বল্পতায় খেলা বন্ধ

বাংলাদেশ ১ম ইনিংস: ৭০ ওভারে ২০৭/৩

মিরপুরে আলোকস্বল্পতায় খেলা বন্ধ। এর আগে প্রথম দিনে এখন পর্যন্ত খেলা হয়েছে ৭০ ওভার। সাদমান অপরাজিত ৯৬ রানে। নতুন ব্যাটসম্যান লিটন দাস ৭ রানে অপরাজিত

আলোকস্বল্পতায় খেলা বন্ধের পর মাঠ ছাড়ছেন লিটন ও সাদমান

খেলা শুরু হচ্ছে

মিরপুরে রোদের দেখা মিলেছে। ৫ মিনিট পর খেলা শুরু হবে। আলোকস্বল্পতায় প্রায় ৫০ মিনিট খেলা বন্ধ ছিল

আবার খেলা বন্ধ

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩

বোলিংয়ের জন্য প্রস্তুত ছিলেন পেসার শামার জোসেফ। তবে আম্পায়ার জানিয়েছেন, পেসারদের বোলিং করার জন্য যথেষ্ট আলো নেই। তাই আবার খেলা বন্ধ। ৯৯ রানে অপরাজিত আছেন সাদমান ইসলাম

দিনের খেলা শেষ

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩

মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ। সাদমানের আজকে সেঞ্চুরি পাওয়া হলো না। ৯৯ রানে অপরাজিত আছেন বাংলাদেশ ওপেনার। প্রথম দিনে খেলা হয়েছে ৭৪ ওভার

বাংলাদেশ দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে। সাদমান ছাড়া আর কোনো ব্যাটসম্যান ফিফটিও পাননি। মুমিনুল ২৮, নাজমুল আউট হয়েছেন ১৯ রানে। হৃদয় ফিফটি পাওয়ার পথে ছিলেন। তবে ৪২ রানের সময় ক্রাম্পে মাঠ ছেড়েছেন

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩ (সাদমান ৯৯*, হৃদয় ৪২(রিটায়ার্ড হার্ট) মুমিনুল ২৮, নাজমুল ১৯; ওয়ারিক্যান ২/৩৩, সিলস ১/১৪)

সাদমানের অপেক্ষা

সেঞ্চুরি পেতে ১ রানের অপেক্ষা। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামার আগে সাদমান ইসলাম...

সাদমানের সেঞ্চুরি নিয়ে আরও জানুন

তৃতীয় সেঞ্চুরিতে এখন তামিমের পরই সাদমান সাদমানের সেঞ্চুরি

দ্বিতীয় দিনের প্রথম ওভারেই সেঞ্চুরি পেলেন সাদমান। ওভারের দ্বিতীয় বলটি লেগ সাইডে ঠেলে দিয়ে ২ রান নেন সাদমান। তাতেই টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরিটি পান এই ওপেনার। তাঁর সেঞ্চুরিটি এসেছে ২২০ বলে

সাম্প্রতিক সময়টা এই ওপেনারের ভালো যাচ্ছিল না। ১৭ ইনিংস পর সেঞ্চুরি পেয়েছেন। সর্বশেষ ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাদমান। বাঁহাতি এই ওপেনারের প্রথম সেঞ্চুরি ২০২১ সালে, সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে

সাদমান ফিরলেন

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৭ ওভারে ২২১/৪

সাদমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন অভিষিক্ত বিশপ। রাউন্ড দ্য উইকেট থেকে মিডল ও অফ স্টাম্পের লাইনে লেংথ বল করেছিলেন বিশপ। বলটি পিচে পড়ে সামান্য সোজা হয়ে আসে। সাদমানের ব্যাট মিস করে লাগে প্যাডে

আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। সাদমান রিভিউ নেন। তবে আলট্রাএজে কোনো স্পাইক দেখা যায়নি, অর্থাৎ বল ব্যাটে লাগেনি। এরপর বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি সরাসরি মিডল স্টাম্পে আঘাত করত

টেস্ট ক্রিকেটে বিশপের প্রথম উইকেট!

সাদমানকে আউট করেছেন বিশপ

সাদমানের পর আউট হৃদয়ও

বাংলাদেশ ১ম ইনিংস: ৮০ ওভারে ২২৯/৫

কোনো রান যোগ করতে পারলেন না হৃদয়। ৪২ রানে ক্রাম্প হয়ে কাল বিকেল মাঠ ছেড়েছিলেন। আজ সেঞ্চুরি করে সাদমান আউট হলে আবার ব্যাটিংয়ে নামে হৃদয়। তবে অভিষিক্ত বিশপের বলে বোল্ড হয়ে ফেরেন

৪২ রানেই ফিরেছেন হৃদয়

দায়িত্ব এখন লিটন–মিরাজের

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৭ ওভারে ২৪৫/৫

টানা দুই উইকেট, সঙ্গে নতুন বল—ওয়েস্ট ইন্ডিজের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারে!

তবে ওয়েস্ট ইন্ডিজকে সেই সুযোগটা নিতে দিচ্ছেন না লিটন ও মিরাজ। দুজনে এখন পর্যন্ত তুলেছেন ২৪ রান। বড় জুটি গড়ার দায়িত্বটাও এখন তাদের কাঁধে

লিটনের হাতে নতুন বলের আঘাত

মিরাজও আউট

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৩/৬

ইনিংসটা বড় করতে পারলেন না মিরাজ। জোমেল ওয়ারিক্যানের আর্ম বলে বোল্ড হয়েছেন ১৫ রান করা মিরাজ। তাতে লিটনের সঙ্গে ৩২ রানের জুটি ভেঙেছে তাঁর। লিটনের সঙ্গী এখন নাঈম হাসান

আবার উইকেট হারাল বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস: ৯৪.১ ওভারে ২৬২/৭

নতুন বলটার বয়স হয়েছে ১২ ওভার। এখনো অতিরিক্ত বাউন্স আর পেস আছে। সেটাই সামলাতে পারেননি নাঈম। শামার জোসেফের ১৪১.২ কিমি গতির বলে স্লিপে ক্যাচ দিয়েছেন। তিনি করেছেন মাত্র ৫ রান

শামার জোসেফের টানা দ্বিতীয় আঘাত

বাংলাদেশ ১ম ইনিংস: ৯৭ ওভারে ২৭২/৮

নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের সকালে এখন পর্যন্ত ৫টি উইকেট হারিয়েছে তারা। এই তালিকায় সর্বশেষ নাম হাসান মাহমুদ। তাঁকেও ফিরিয়েছেন শামার জোসেফ। তিনি করেছেন ৬ রান। এক প্রান্তে এখনো টিকে আছেন লিটন দাস

এবার আউট তাইজুল

ওয়ারিক্যানের চতুর্থ শিকার তাইজুল ইসলাম। অফ স্টাম্পের বাইরে হাওয়ায় ভাসানো বলটি ব্যাটের বাইরের কানায় লাগান তাইজুল। উইকেটকিপার আমির জাঙ্গু সহজেই ক্যাচটা নেন

বাংলাদেশ অলআউট ২৭২ রানে

২৭২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। অথচ দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিল ৩ উইকেটে ২১৩ রান নিয়ে। বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ২২১ রানে। এরপর থেকেই ব্যাটিং ধ্বসের শুরু

নাজমুল হোসেনের দল আজ ৫৯ রান তুলতে হারিয়েছে ৭ উইকেট। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন শরীফুল ইসলাম। তাঁকে আউট জোমেল ওয়ারিক্যান পঞ্চম উইকেটের দেখা পেয়েছেন

বাংলাদেশের হয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। আজ ১০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন লিটন। তাঁকে সঙ্গে দিতে পারেননি অন্য কেউ। লাঞ্চ শেষে নিজেদের ইনিংসে ব্যাটিংয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ

৫ উইকেট নিয়ে শামার জোসেফের কোলে ওয়ারিক্যান

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৯৭.৪ ওভারে ২৭২ (সাদমান ১০৫, হৃদয় ৪২, লিটন ৩৪*, মুমিনুল ২৮, নাজমুল ১৯, মিরাজ ১৫; ওয়ারিক্যান ৫/৫৩, বিশপ ২/৬১, জোসেফ ২/৪১, চেজ ০/৫৩)

লিটনের চোট

জাকের আলী ম্যাচের জার্সি পরে মাঠে কিপিং অনুশীলন করছেন। চোট কাটিয়ে ফেরা লিটন আঙুলে চোট পেয়েছেন ব্যাটিংয়ের সময়

কিপিং গ্লাভস হাতে জাকের আলী

প্রথম উইকেট বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫ ওভারে ২৯/১

উইকেটটার খুবই প্রয়োজন ছিল। ইনিংসের প্রথম ৪.৪ ওভারেই ২৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে পঞ্চম ওভারের পঞ্চম বলে ব্রেন্ডন কিংকে আউট করেছেন হাসান মাহমুদ। তিনি আউট হয়েছেন ১৫ রান করে

লিটনের চোটের কী অবস্থা

জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় আঘাত পাওয়ায় লিটন দাসের ডান কনুই থেঁতলে গেছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জাকের আলী বদলি উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন।’

ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন লিটন

এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৫ ওভারে ৫২/১

তেজনারায়ণ চন্দরপল ও জন ক্যাম্পবেলের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই জুটি থেকে এসেছে এখন পর্যন্ত ২৩ রান

১৫তম ওভারের শেষ বলে জীবন পেয়েছেন (২২ রানে) ক্যাম্পবেল। নিজের বলে সহজ ক্যাচ ছেড়েছেন শরীফুল। ক্যাম্পবেল এর আগেও একবার জীবন পেয়েছেন। হাসানের বলে সেই ক্যাচটি ছেড়েছিলেন নাঈম হাসান। সেটিও কঠিন ক্যাচ ছিল না। তখন ক্যাম্পবেলের রান ছিল ৫

ক্যাম্পবেল কতদূর যাবেন

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৩ ওভারে ৭৫/১

৫ রানে ও ২২ রানে জীবন পাওয়া ক্যাম্পবেল কতদূর যাবেন? ৪০ রানে ব্যাটিং করছেন এই ওপেনার

ক্যাম্পবেলের ফিফটি

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪ ওভারে ৮৫/১

মিরাজের করা ইনিংসের ২৪তম ওভারের প্রথম চার বল ডট খেলেছেন। পঞ্চম বলে মেরেছেন চার, ওভারের শেষ বলে ছক্কা। তাতে ফিফটিরও দেখা পেয়েছেন জন ক্যাম্পবেল। টেস্টে এটি তাঁর ষষ্ঠ ফিফটি আর টানা তৃতীয়

দ্বিতীয় সেশন শেষ

প্রথম সেশনের মতো এই সেশনটাও ওয়েস্ট ইন্ডিজের। প্রথম সেশনে ৫৯ রানে বাংলাদেশের ৭ উইকেট তুলে নিয়েছিল দলটি। দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট হাতে ৮৯ রান তুলেছে। উইকেট হারিয়েছে একটি

ইতিবাচক ক্রিকেটে ফিফটি পেয়েছেন ওপেনার ক্যাম্পবেল। তিনি ৬৫ বলে ৫৩ রানে অপরাজিত। তাঁকে সঙ্গ দিচ্ছেন চন্দরপল, ৭৭ বলে ২১ রান করে অপরাজিত এই বাঁহাতি

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৭ ওভারে ৮৯/১ (ক্যাম্পবেল ৫৩*, চন্দরপল ২১, কিং ১৫; হাসান ১/২৫, শরীফুল ১/১৭, মিরাজ ০/২৬, তাইজুল ০/১৮, নাঈম ০/৩)। বাংলাদেশ প্রথম ইনিংস: ৯৭.৪ ওভারে ২৭২

বৃষ্টি!

আলোকস্বল্পতার কারণে একটু আগেভাগেই চা বিরতিতে যায় দুই দল। চা বিরতির মাঝে বৃষ্টি শুরু হয়েছে শেরেবাংলা স্টেডিয়ামে

কাভার নিয়ে মাঠে মাঠকর্মীরা

প্রেসবক্স থেকে মাঠের দৃশ্য। বৃষ্টি শুরু হয়েছে

মিরপুরে এখন কী অবস্থা

বৃষ্টি থেমেছে, তবে আকাশে এখন মেঘ কাটেনি। সূর্যের দেখা মেলেনি এখনো। মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা

খেলা শুরু

অবশেষে শুরু হয়েছে তৃতীয় সেশনের খেলা। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ ছিল

ক্যাম্পবেলকে আউট করলেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩২ ওভারে ৯৫/২

মিরাজের কৌশল কাজে দিল। তাঁর হাওয়ায় ভাসানো বলে স্লিপে নাজমুল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন জন ক্যাম্পবেল। ৫৪ রানে ফিরেছেন ক্যাম্পবেল

এবার আউট হজ

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫.১ ওভারে ৯৭/৩

কাভেম হজ ফিরলেন। তাইজুল ইসলামের বলে সিলি পয়েন্টে ক্যাচ দিয়েছেন এই ব্যাটসম্যান। তিনি ফিরেছেন ৭ রান করে। ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ১৭৫ রানে

তাইজুলের জোড়া আঘাত

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৭ ওভারে ১০১/৪

ওভারের প্রথম বলে ফিরেছেন হজ। পঞ্চম বলে আমির জাঙ্গু। বাঁহাতি ব্যাটসম্যান জাঙ্গু বাঁহাতি স্পিনার তাইজুলের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে তানজিদের হাতে ক্যাচ দিয়েছেন। ৩৬তম ওভারে কোনো রান খরচ না করেই দুই উইকেট নিয়েছেন তাইজুল

খেলা আবার শুরুর পর থেকে বল হাতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। এরইমধ্যে তুলে নিয়েছে ৩ উইকেট

তাইজুলকে ঘিরে উল্লাস

আবার বন্ধ খেলা

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৩৪/৪

আবার আলোকস্বল্পতায় খেলা বন্ধ। আম্পায়াররা লাইট মিটারে আলো পরীক্ষা করেছেন। পর্যাপ্ত আলো না থাকায় মাঠ ছেড়েছেন ক্রিকেটাররা

দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে দারুণ সময় কাটাচ্ছিল বাংলাদেশ। ম্যাচের চিত্রটাই বদলে দিয়েছিল তাইজুল আর মিরাজের বোলিং। ক্যাম্পবেল, হজ আর জাঙ্গুকে হারানোর পর এখন অভিজ্ঞ গ্রিভসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করছেন চন্দরপল

দ্বিতীয় দিনের খেলা শেষ

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৩৪/৪

মিরপুর টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও পুরো সময় খেলা হয়নি। আলোকস্বল্পতার কারণে আজ খেলা হয়েছে ৭১.৪ ওভার। গতকাল খেলা হয়েছিল ৭৪ ওভার

দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৮ ওভারে ৪ উইকেটে ১৩৪। দলটি এখনো পিছিয়ে ১৩৮ রানে। দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছিল বাংলাদেশ দল। আলোকস্বল্পতার কারণে চাপ কাজে লাগিয়ে আরও উইকেট তুলে নিতে পারেনি নাজমুলের দল

চন্দরপল ৪৩ ও গ্রিভস ১৫ রান নিয়ে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন

সময়টা ভালোই যাচ্ছিল বাংলাদেশের

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২ (সাদমান ১০৫, হৃদয় ৪২; ওয়ারিক্যান ৫/৫৩, শামার ২/৪১)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৩৪/৪ (ক্যাম্পবেল ৫৪, তেজনারায়ণ ৪৩*; তাইজুল ২/৪৪, হাসান ১/২৫)

মাঠে আছেন লিটন

হাতের চোটে গতকাল উইকেটকিপিং না করলেও আজ করছেন লিটন দাস

আগের দুই দিনই আলোকস্বল্পতার কারণে খেলা আগেভাগে শেষ হয়ে গেছে। তাই আজ আলো থাকলে দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে ১৫ মিনিট করে বাড়তি সময় যোগ হবে। প্রথম সেশন আগের মতো দুই ঘণ্টাই থাকবে

চন্দরপলের ফিফটি

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫৩.১ ওভারে ১৫৪/৪

তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত খেলা হয়েছে ৫.১ ওভার। রান হয়েছে ২০। এরইমধ্যে ফিফটি তুলে নিয়েছেন চন্দরপল। এটি তাঁর তৃতীয় টেস্ট ফিফটি। গ্রিভসের সঙ্গে এই জুটি থেকেও এসেছে ৫৭ রান

চন্দরপলের দেয়াল ভাঙবেন কে

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫৮ ওভারে ১৬২/৪

১৬৪ বলে ফিফটি করেছেন। রান করা নিয়ে খুব বেশি মাথাব্যাথা তাঁর নেই। অস্থিরতা নেই। তাইজুলরা বল করে যাচ্ছেন আর তিনি ডট খেলেই যাচ্ছেন

বাবা শিবনারায়ণ চন্দরপলের মতো যেন উইকেটে তেজনারায়ণ চন্দরপলও দেয়াল তুলছেন। বাবার মতো অনেক বড় ইনিংস না খেললেই হয়! শিবনারায়ণ চন্দরপলের বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস ২০৩*

তেজনারায়ণ চন্দরপল এখন অপরাজিত ১৮২ বলে ৫৬ রানে

তেজনারায়ণ চন্দরপলকে আউটের পর শরীফুলের উদ্‌যাপন

শরীফুলের আঘাত

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫৮. ২ ওভার ১৬২/৫

না, তিনি পারেননি। শরীফুলের বলে স্লিপে ক্যাচ দিয়ে তেজনারায়ণ চন্দরপল ফিরলেন ৫৬ রানে। নতুন ব্যাটসম্যান অধিনায়ক রোস্টন চেজ। লিড নিতে হলে আরও উইকেট দরকার বাংলাদেশের

যেভাবে চন্দরপলের ক্যাচটা নিয়েছেন নাজমুল

গ্রিভস থেকে সাবধান

চলতি বছর টেস্টে ৫৩.১৬ গড়ে ব্যাটিং করেছেন জাস্টিন গ্রিভস। ৭ ইনিংসে আছে একটি ফিফটি ও সেঞ্চুরি

এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬৭ ওভার ১৮৯/৫

গ্রিভস ও চেজের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ২৭ রান। গ্রিভস ৩৭, চেজ ব্যাটিং করছেন ১৫ রানে। এখনো ৮৩ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

এটা কী করলেন মুমিনুল

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭৪ ওভার ২১২/৫

নাঈমের করা ৭৩তম ওভারে চতুর্থ বলটি বেশি বাউন্স নিয়ে ভেতরের দিকে ঢোকে। রোস্টন চেজ সামনে ঝুঁকে বল ঠেকাতে যান, কিন্তু ঠিকমতো ব্যাটে লাগাতে পারেননি। ক্যাচ ওঠে শর্ট লেগে

সেখানে থাকা মুমিনুল প্রথমে বাঁ দিকে এগিয়ে যান। পরে ডান দিকে ঝাঁপিয়ে দুই হাতে বলটি ধরার চেষ্টা করেন, কিন্তু ক্যাচটি নিতে পারেননি। সুযোগ নষ্ট বাংলাদেশের

জাস্টিন গ্রিভস আউট

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭৪.৫ ওভার ২১৩/৬

অবশেষে উইকেট পেলেন নাঈম। বেশ কিছুক্ষণ ধরেই উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি করছিলেন। আগের ওভারেই তাঁর বলে ক্যাচ ছেড়েছিলেন মুমিনুল

এবার লাঞ্চ বিরতির ঠিক আগমুহূর্তে সফল হলেন। তাঁর বলে এলবিডব্লিউর শিকার হন ছন্দে থাকা গ্রিভস। তিনি ফিরেছেন ৪৬ রানে। গ্রিভস আউট হওয়ার পরই প্রথম সেশনের খেলা শেষ হয়। ওয়েস্ট ইন্ডিজ এখনো পিছিয়ে ৫৯ রানে

প্রথম সেশনটা কোন দলের

তৃতীয় দিনের প্রথম সেশনের শুরুটা ওয়েস্ট ইন্ডিজ ভালো করেছিল। বাংলাদেশের বোলাররাও একই জায়গায় বল করতে পারেননি। এরইমধ্যে ফিফটি তুলে নেন চন্দরপল। তবে ৫৬ রানে শরীফুলের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন এই বাঁহাতি

এরপর রোস্টন চেজ ও জাস্টিন গ্রিভস মিলে ভালোভাবে রান তুলতে থাকেন। দুজন মিলে ধীরে ধীরে দলের ইনিংস সামনের দিকে এগিয়ে নেন

এই সময়ে মাঝেমধ্যে কোনো বল নিচু হয়ে যাচ্ছিল, আবার কোনো বল বেশ ঘুরছিল। এরপরও উইকেট অনেক বেশি বোলিং সহায়ক ছিল, তা বলা যাবে না

২৭ রানে থাকা রোস্টন চেজ একবার আউট হওয়ার হাত থেকে বেঁচে যান। শর্ট লেগে তাঁর ক্যাচ ছাড়েন মুমিনুল। তবে সকালের সেশন শেষ হওয়ার ঠিক আগে নাঈম আঘাত হানেন। জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান। মানে শুরুটা ভালো করতে না পারলেও শেষটা বাংলাদেশ ভালোই করেছে

ম্যাচে প্রথম উইকেট পেলেন নাঈম

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৭৪.৫ ওভারে ২১৩/৬ (চন্দরপল ৫৬, ক্যাম্পবেল ৫৪, গ্রিভস ৪৬, চেজ ৩০*; তাইজুল ২/৭৬, হাসান ১/৩৮, শরীফুল ১/২৯, মিরাজ ১/৪৭, নাঈম ১/১৯)

উইকেট পেলেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৪০/৭

দ্বিতীয় সেশনের শুরুটা বেশ ইতিবাচকভাবে করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই সেশনের প্রথম ১৪ বলে ওয়েস্ট ইন্ডিজ চার মেরেছে চারটি। এরমধ্যে তিনটি চার মারা অভিষিক্ত জশুয়া বিশপকে ফিরিয়েছেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৩২ রানে

এক ওভারে নাঈমের দুই উইকেট

এক ওভারে নাঈমের দুই উইকেট

ওভারের দ্বিতীয় বলে শামার জোসেফ আর ষষ্ঠ বলে জোমেল ওয়ারিক্যানকে আউট করলেন নাঈম হাসান। জোসেফ নাঈমের শর্ট বলে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দিয়েছেন। ওয়ারিক্যানও আউট হয়েছে শর্ট বলে, এলবিডব্লিউর শিকার হয়ে

নাঈমের কীর্তি

জোসেফকে আউট করে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাঈম। বলের হিসাবে বাংলাদেশের স্পিনারদের মধ্যে তিনিই দ্রুততম ৫০ উইকেট নিয়েছেন

ওয়েস্ট ইন্ডিজ ২৪৫ রানে অলআউট

৮ ওভারে ৩২ রানে ৪ উইকেট

দ্বিতীয় সেশনের শুরুটা দারুণ হলো বাংলাদেশের। তাতে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেল ২৪৫ রানে। ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ

বল হাতে ৪ উইকেট নিয়েছেন নাঈম। শেষ ব্যাটসম্যান জেইডেন সিলসকেও আউট করেছেন এই অফ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি ফিফটি এসেছে —জন ক্যাম্পবেল ও তেজনারায়ণের চন্দরপলের ব্যাট থেকে। ৪৩ রানে অপরাজিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ

নাঈম নিয়েছেন ৪ উইকেট

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৮২.৫ ওভারে ২৪৫ (চন্দরপল ৫৬, ক্যাম্পবেল ৫৪, গ্রিভস ৪৬, চেজ ৪৩*, বিশপ ১৫; তাইজুল ২/৭৬, হাসান ১/৩৮, শরীফুল ১/২৯, মিরাজ ২/৬৫, নাঈম ৪/৩৩)। বাংলাদেশ প্রথম ইনিংস: ২৭২। প্রথম ইনিংসে ২৭ রানে এগিয়ে বাংলাদেশ

শুরুতেই নেই তানজিদ

বাংলাদেশ ২য় ইনিংস: ২ ওভারে ১/১

নিজের খেলা দ্বিতীয় বলেই আউট হলেন তানজিদ হাসান। জোসেফের করা লেগ স্টাম্পে ফুল লেংথের বলটি ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ দিয়েছেন তানজিদ। কোনো রান করতে পারেননি। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৭ রান

তিন নম্বরে এসেছেন নাজমুল হোসেন। ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পেয়ে কনকাশনে আক্রান্ত হয়েছেন মুমিনুল হক

লিড ৫০ ছাড়াল

বাংলাদেশ ২য় ইনিংস: ৮ ওভারে ২৭/১

তানজিদকে হারানোর পর নাজমুলকে নিয়ে জুটি গড়েছেন সাদমান। সাদমান অপরাজিত ১৩ রানে, নাজমুল ৮ রানে। বাংলাদেশের লিড ৫৪ রানের

চেজের জোড়া আঘাত

বাংলাদেশ ২য় ইনিংস: ১১ ওভারে ২৮/৩

ওভারের প্রথম বলে সাদমানকে বোল্ড করার পর চতুর্থ বলে হৃদয়কে আউট করলেন রোস্টন চেজ। সাদমান হয়েছিলেন বোল্ড। হৃদয় আউট হলেন বড় শট খেলতে গিয়ে। বড় শটে চেজকে চাপে ফেলতে গিয়ে নিজে আউট হয়ে বাংলাদেশকে চাপে ফেলে গেছেন হৃদয়

বাংলাদেশের লিড ৫৫ রানের

এবার আউট নাজমুল

বাংলাদেশ ২য় ইনিংস: ১২.৪ ওভারে ৩৩/৪

আউট হলেন নাজমুলও। তাঁকেও ফেরালেন চেজ। চেজের বলে এলবিডব্লিউ হয়েছেন নাজমুল। রিভিউ নিয়েছিলেন, কাজ হয়নি

নতুন ব্যাটসম্যান জাকের আলী। মুমিনুল হকের কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছেন জাকের

মিরপুরে নামল বৃষ্টি, আগেভাগেই চা বিরতি

মিরপুরে শুরু হয়েছে বৃষ্টি। তাতে আগেই নেওয়া হয়েছে চা বিরতি। দ্বিতীয় সেশনটা পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের। ব্যাট হাতে লিড নিতে না পারলেও বল হাতে দ্রুত ৪ উইকেট তুলে নিয়েছে দলটি। ১ উইকেটে ২৮ রান করা বাংলাদেশ ৪ উইকেটে ৩৩ রান তুলে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৩ ওভারে ৩৪/৪ (সাদমান ১৩, নাজমুল ১০, লিটন ৪*, জাকের ১*; চেজ ৩/৬, জোসেফ ১/১৭,ওয়ারিক্যান ০/৪, সিলস ০/৭)

দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ ৬১ রানে এগিয়ে

মাঠ ছাড়ছেন জাকের আলী

লিটনও আউট

বাংলাদেশ: ১৪ ওভারে ৩৫/৫

তৃতীয় সেশনে খেলা শুরুর পর প্রথম ওভারেই লিটন দাসকে এলবিডব্লু করলেন ওয়ারিক্যান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ৪ রান করা লিটন

ক্রিজে নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ

দুই ইনিংস মিলিয়ে ৬২ রানে এগিয়ে বাংলাদেশ

লিটনের আউট থেকে সর্বশেষ ২০ বলের মধ্যে ৩ উইকেট হারাল বাংলাদেশ

মিরাজও পারেননি

বাংলাদেশ ২য় ইনিংস: ২৫ ওভারে ৬০/৬

ওয়ারিক্যানের বলটি গুড লেংথে পড়ে দ্রুত ভেতরে ঢোকে। অতিরিক্ত বাউন্সও ছিল। মিরাজের ব্যাটের ফাঁক গলে বলটি সরাসরি স্টাম্পের ওপর আঘাত করে। ৯ রান করে আউট হন মিরাজ

আউট হয়ে ফিরছেন মিরাজ

বাংলাদেশের লিড ১০০ রান ছাড়াল

বাংলাদেশ ২য় ইনিংস: ২৮ ওভারে ৭৫/৬

বাংলাদেশের লিড এখন ১০২ রান। উইকেটে আছেন নাঈম ও জাকের। আগের ওভারেই বেঁচে গেছেন নাঈম। আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান

আলোকস্বল্পতায় মিরপুরে খেলা বন্ধ

বাংলাদেশ ২য় ইনিংস: ২৯ ওভারে ৭৯/৬

আবারও আলোকস্বল্পতায় মিরপুরে খেলা বন্ধ। এর আগে নাঈম ও জাকেরের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়েছে বাংলাদেশ। এই জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ২৬ রান। বাংলাদেশের লিড এখন ১০৬ রান

তৃতীয় দিন শেষে

বাংলাদেশ ২য় ইনিংস: ২৯ ওভারে ৭৯/৬

টানা তৃতীয় দিন আলোকস্বল্পতায় নির্ধারিত ৯০ ওভার খেলা হলো না। আজ খেলা হয়েছে মাত্র ৬৪.৫ ওভার। তাতে উইকেট পড়েছে ১২টি। ৬টি বাংলাদেশের, ৬টি ওয়েস্ট ইন্ডিজের। দুই দল মিলে রান তুলেছে ১৯০

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট ৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দলটির লিড এখন ১০৬ রানের

তৃতীয় দিন শেষে মিরপুর টেস্টে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনে দ্রুতই বাংলাদেশকে অলআউটের লক্ষ্য থাকবে তাদের। অন্যদিকে বাংলাদেশ চাইবে আরও বড় লক্ষ্য দিতে। সেই পথে বড় ভূমিকা রাখতে হবে ১৮ রানে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান নাঈম হাসান ও জাকের আলীকে

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ২৭২ ও ২৯ ওভারে ৭৯/৬ (জাকের ১৮*, নাঈম ১৮*, সাদমান ১৩; চেজ ৩/২৫, ওয়ারিক্যান ২/১৯)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৮২.৫ ওভারে ২৪৫ (চন্দরপল ৫৬, ক্যাম্পবেল ৫৪, গ্রিভস ৪৬, চেজ ৪৩*; নাঈম ৪/৩৩, মিরাজ ২/৬৫ তাইজুল ২/৭৬)

কত রানের লক্ষ্য দিতে পারবে বাংলাদেশ

জাকের আলী ও নাঈম হাসানের ২৬ রানের জুটিতে কালকের দিনটা বাংলাদেশ শেষ করেছে ১০৬ রানের লিড নিয়ে

আজ কত রান তুলতে পারবে বাংলাদেশ?

চতুর্থ দিন শুরুর আগে বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম বলেছেন, ২০০ রানের কাছাকাছি রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

জাকের আউট

বাংলাদেশ ২য় ইনিংস: ৩১ ওভারে ৮৬/৭

দিনের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। ওয়ারিক্যানের করা ওভারের শেষ বলটিতে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন জাকের। বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান ওয়ারিক্যান ফ্লাইট আর টার্নে পরাস্ত হয়েছেন। তিনি করেছেন ২২ রান

বাংলাদেশের লিড এখন ১১৩ রানের

আউট হওয়ার পর জাকের

আবার জীবন পেলেন নাঈম

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৭ ওভারে ১০৫/৭

ওয়ারিক্যানের বলে জীবন পেলেন নাঈম। স্লিপে তাঁর ক্যাচ ছেড়েছেন রোস্টন চেজ। ২৯ রানে জীবন পেয়েছেন নাঈম। এর আগেও দুইবার জীবন পেয়েছেন এই বোলিং অলরাউন্ডার। হাসানের সঙ্গে তাঁর জুটি থেকে এসেছে ২১ রান

বাংলাদেশের লিড এখন ১৩২ রানের

ভাঙল নাঈম–হাসানের জুটি

৮ রানে ফিরছেন হাসান

বাংলাদেশ ২য় ইনিংস: ৪১ ওভারে ১১৫/৮

আবারও আর্ম বলে বিপদে বাংলাদেশ। এবার ওয়ারিক্যানের শিকার হাসান মাহমুদ। বাঁহাতি এই স্পিনারের বলটি নিচু হয়ে সোজা চলে যায়। হাসান মাহমুদ ব্যাকফুটে গিয়ে লাইন বরাবর খেলতে চান। কিন্তু বলের লাইন মিস করেন। বল আঘাত হানে সামনের প্যাডে। হাসান বিদায় নেন এভাবেই

এর আগে নাঈমের সঙ্গে গুরুত্বপূর্ণ ২৬ রানের জুটি গড়েছিলেন হাসান। তাঁর ব্যাট থেকে এসেছে ৮ রান। অন্যদিকে নাঈম অপরাজিত ৩৬ রানে, টেস্টে এটিই তাঁর সর্বোচ্চ

বাংলাদেশের লিড ১৪২ রান

২৬ রানের জুটি গড়েছিলেন নাঈম–হাসান

১৫০ ছাড়াল বাংলাদেশের লিড

বাংলাদেশ ২য় ইনিংস: ৪৪ ওভারে ১২৬/৮

নাঈমের ব্যাটে বাংলাদেশের লিড ১৫০ ছাড়াল। তিনি ব্যাটিং করছেন ৪৩ রান নিয়ে। হাসানের বিদায়ের পর এখন তাঁর সঙ্গী তাইজুল ইসলাম। এই জুটি থেকে এরইমধ্যে ১৬ রান এসেছে

বাংলাদেশের লিড ১৫৩ রান

সুইপ শটটা দারুণ খেলছেন নাঈম

তাইজুলও আউট

বাংলাদেশ ২য় ইনিংস: ৪৫.৩ ওভারে ১৩২/৯

এবার ফিরলেন তাইজুল। রোস্টন চেজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তিনিও করেছেন ৮ রান। শেষ ব্যাটসম্যান শরীফুল ইসলাম। নাঈম ৪৯ রানে অপরাজিত

বৃষ্টি...

বাংলাদেশ ২য় ইনিংস: ৪৬ ওভারে ১৩২/৯

এমন সময়ে এল বৃষ্টি। নাঈম অপরাজিত ৪৯ রানে। আর এক রান করতে পারলে টেস্টে এটাই হবে নাঈমের প্রথম ফিফটি। বাংলাদেশের লিড এখন ১৫৯। কত দূর যাবে বাংলাদেশ?

মিরপুরে শুরু হয়েছে বৃষ্টি

খেলা পুনরায় শুরু ১১টায়

বৃষ্টি থামায় মাঠ থেকে কাভার সরিয়ে নেওয়া হয়েছে। খেলা পুনরায় শুরু হবে বেলা ১১টায়

নাঈমের প্রথম ফিফটি

বাংলাদেশ ২য় ইনিংস: ৪৮.২ ওভারে ১৪২/৯

টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটি পেলেন নাঈম। সেটাও এসেছে বাংলাদেশের বিপদের সময়ে। গতকাল বিকেলে যখন ব্যাটিংয়ে এসেছেন তখন বাংলাদেশের রান ৬ উইকেটে ৫৩। সেখান থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন নাঈম

ফিফটির পর ফিরলেন নাঈম

৫২ রানে ফিরলেন নাঈম। তাঁর বিদায়ে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৪২ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ লিড ছিল ২৭ রান। তাতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ

বল হাতে দ্বিতীয় ইনিংসে রোস্টন চেজ নিয়েছেন ৫ উইকেট, জোমেল ওয়ারিক্যান ৪টি

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪৮.৪ ওভারে ১৪২ (নাঈম ৫২, জাকের ২২, সাদমান ১৩, নাজমুল ১০, লিটন ৪, হাসান ৮, তাইজুল ৮, শরীফুল ৭*; চেজ ৫/৩৬, ওয়ারিক্যান ৪/৬৩, জোসেফ ১/১৭, সিলস ০/১৩)

প্রথম সেশন শেষ

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১ ওভারে ৮/০

মিরপুর টেস্ট জিততে ওয়েস্ট ইন্ডিজের দরকার আর ১৬২ রান। বাংলাদেশের ১০ উইকেট। লাঞ্চের আগে এক ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ সেই ওভারে কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন। তবে উইকেট পাননি

প্রথম সেশনে খেলা হয়েছে ২০.৪ ওভার। রান উঠেছে ৭১। উইকেট পড়েছে ৪টি

লিটন তাইজুলদের এলবিডব্লিউর আবেদন

উইকেট দরকার

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৫ ওভারে ১৬/০

লক্ষ্যটা বড় নয়। মাত্র ১৭০। মিরপুর টেস্ট জিততে হলে তাই দ্রুতই উইকেট দরকার বাংলাদেশের। মিরাজ–তাইজুল প্রথম ৫ ওভারে কোনো উইকেট এনে দিতে পারেননি

বাজে শুরু বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৯ ওভারে ৩৯/০

এমন স্পিনসহায়ক উইকেটে নিজেদের জায়গাই খুঁজে পাচ্ছেন না তাইজুল ও মিরাজ। সেই সুযোগ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার পেয়েছেন দারুণ শুরু। প্রথম ৯ ওভারেই দলটি ৩৯ রান তুলে ফেলেছে। জয়ের জন্য আর দরকার ১৩১ রান

ভাগ্য সহায় হচ্ছে না

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৩.৪ ওভারে ৬৩/০

শেষ কিছু ওভারে কয়েকবার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের পরাস্ত করেছেন বাংলাদেশের স্পিনাররা। তবে তাতে উইকেট আসছে না। ওয়েস্ট ইন্ডিজ খেলছে পুরোপুরি ওয়ানডে মেজাজে

খেলা বন্ধ

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৪.১ ওভারে ৬৪/০

মিরপুর টেস্টে এটা অবশ্য নতুন কিছু নয়। আলোকস্বল্পতা বা বৃষ্টির কারণে এর আগের তিনদিনও খেলা বন্ধ হয়েছে

চতুর্থ দিনে খেলা বন্ধের আগে ভালো অবস্থানে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দলটি ১৪.১ ওভারে তুলেছে বিনা উইকেটে ৬৪ রান। তাদের আর দরকার ১০৬ রান

আবার শুরু

বৃষ্টি থেমেছে। কাভারও সরিয়ে নেওয়া হয়েছে। পুনরায় খেলা শুরু হবে ১.৫০ মিনিটে। চা বিরতি হবে তিনটায়

এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৭ ওভারে ৮২/০

বিরতির পরও তাইজুলরা সেরা বোলিংটা করতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজ সহজেই জয়ের পথে এগিয়ে যাচ্ছে। মিরপুর টেস্ট জিততে তাদের আর দরকার ৮৮ রান। হাতে আছে ১০ উইকেট

বজ্রপাতে খেলা বন্ধ

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৭.৪ ওভারে ৮৭/০

এবার যুক্ত হলো নতুন কারণ। এর আগে আলোস্বল্পতা ও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছে। এবার খেলা বন্ধ হলো বজ্রপাতের কারণে। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ৮৩ রান

খেলা পুনরায় শুরু, ক্যাচ মিস ও মাঠ ছাড়লেন নাজমুল

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৯ ওভারে ১০৩/০। জয়ের জন্য ৬৭ রান চাই ওয়েস্ট ইন্ডিজের

খেলা পুনরায় শুরুর পর ১৯তম ওভারে শরীফুলের শেষ বলে দ্বিতীয় স্লিপে কিংয়ের ক্যাচ মিস করেন নাজমুল। ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়লেন বাংলাদেশ অধিনায়ক

কিং ৫২ ও ক্যাম্পবেল ৪৩ রানে অপরাজিত

ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান নাজমুল

শরীফুলে বোল্ড ক্যাম্পবেল

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ২১ ওভারে ১১২/১। জয়ের জন্য ৫৮ রান চাই ওয়েস্ট ইন্ডিজের

অবশেষে উইকেট পেল বাংলাদেশ!

২১তম ওভারের পঞ্চম বলে জন ক্যাম্পবেলকে বোল্ড করলেন শরীফুল। ৫৫ বলে ৪৯ রানে আউট হলেন প্রথম ইনিংসে ফিফটি পাওয়া এ ওপেনার। এর মধ্য দিয়ে ওপেনিং জুটিতে ওয়েস্ট ইন্ডিজের ১১২ রানের জুটিও ভাঙল

৫৫ রানে অন্য প্রান্তে অপরাজিত কিং। নতুন ব্যাটসম্যান তেজনারায়ন চন্দরপল

হাসানের বাউন্সারে আউট চন্দরপল

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ২৮ ওভারে ১২১/২

স্লিপে ফিল্ডার আছেন তিনজন। তবে হাসান করলেন বাউন্সার। সেই ফাঁদে পা দিলেন চন্দরপল। হুক করতে গিয়ে ধরা পড়লেন ডিপ ফাইন লেগে তাইজুল হাতে। ওয়েস্ট ইন্ডিজের এই টেস্ট জিততে দরকার ৪৯ রান। বাংলাদেশের ৮ উইকেট

ফিফটি করে অপরাজিত কিং

ক্যাচ ছাড়লেন ইবাদত

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৩০ ওভারে ১৩১/২

তাইজুলের বলে লং অফে কিংয়ের ক্যাচ ছেড়েছেন বদলি ফিল্ডার ইবাদত হোসেন। ৭০ রানে জীবন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য আর দরকার ৩৯ রান

৮ উইকেট হারল বাংলাদেশ

মিরপুর টেস্টে বড় ব্যবধানেই হারল বাংলাদেশ। ১৭০ রানের লক্ষ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি নাজমুল হোসেনের দল। ওয়েস্ট ইন্ডিজ এই লক্ষ্য ছুঁয়েছে ২ উইকেট হারিয়ে, তাও ৩৫.১ ওভারে

ম্যাচ জেতানোর পর কিং ও হজ

অথচ এই উইকেটেই আজ সকালে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা অনেক টার্ন পেয়েছে। বাংলাদেশের ব্যাটিং দেখে এই উইকেটকে অনেকটা স্পিনস্বর্গ মনে হয়েছে। একই উইকেটেই তাইজুল, মিরাজরা মোটেই কার্যকর ছিলেন না। জায়গামতো বোলিং করতেও পারেননি। ব্রেন্ডন কিং, জন ক্যাম্পবেলরা কোনো বোলারকে স্থির হতেও দেননি। ৮১ রানে অপরাজিত ছিলেন কিং। এর আগে ৪৯ রান করেছেন ক্যাম্পবেল। ২৭ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন কাভেম হজ

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৭২ ও ১৪২ (নাঈম ৫২, জাকের ২২; চেজ ৫/৩৬, ওয়ারিকান ৪/৬৩)

ওয়েস্ট ইন্ডিজ: ২৪৫ ও ১৭০/২ (কিং ৮১*, ক্যাম্পবেল ৪৯; হাসান ১/১৪)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী

সিরিজ: দুই ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে এগিয়ে

৫/৫৩ ও ৪/৬৩

৯ উইকেট নিয়ে ম্যাচসেরা স্পিনার জোমেল ওয়ারিক্যান