সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালীন দেশে আসেননি; এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি চুক্তির মাধ্যমেই তাঁকে আসতে হবে বলে কড়া মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী ও মাফিয়া দল’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে যে তারা শুধরাবে না
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ঐতিহ্যবাহী নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতবর্ষ পূর্তি উৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সীমান্তবর্তী ও আন্তর্জাতিক নদীর পানিবণ্টন এবং উত্তরাঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন
আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করে আসাদুল হাবিব দুলু বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফা প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ন্যায্য হিস্যা আদায় এবং নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন
এ সময় উত্তরের মানুষের বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে আশার বাণী শুনিয়ে ত্রাণমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিবেদন ও প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়াগুলো এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই তিস্তাপাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর ত্রাণমন্ত্রী নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি। শতবর্ষী এ বিদ্যালয়ের গৌরবময় পথচলা স্মরণ করে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়
অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসাআ আমিন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি এবং জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ উপস্থিত ছিলেন
এছাড়া রাজনৈতিক ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু অনুষ্ঠানে অংশ নেন
পাশাপাশি অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন
