কেউ পাহাড়ে গিয়ে ছবি আঁকতে চান, কেউ সমুদ্রের ধারে বসে বই পড়তে, আবার কেউ রাতভর তারাভরা আকাশ দেখতে। পর্যটনের চেনা সংজ্ঞা বদলে দিয়ে ভ্রমণপিপাসুদের মধ্যে জনপ্রিয় হচ্ছে শখকেন্দ্রিক ভ্রমণ বা ‘হবি হাবস’

কখনো কি এমন হয়েছে, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা ভেবেছেন শুধু সেখানে বসে ছবি আঁকবেন বলে? কিংবা বহুদিনের ইচ্ছা, পাহাড়ের কোনো নির্জন কটেজে বসে প্রিয় বইটি শেষ করবেন, রাতের আকাশে তারা গুনবেন, অথবা একদল নতুন মানুষের সঙ্গে মিলে শিখবেন কোনো পুরোনো হাতের কাজ? ভ্রমণের পরিকল্পনা করতে গিয়ে এত দিন আমরা সাধারণত ভাবতাম, কোথায় যাব, কী দেখব, কোথায় থাকব। কিন্তু সেই ভাবনায় এবার একটু বদল আসছে। অনেকেই এখন গন্তব্যের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, সেখানে গিয়ে নিজের ভালো লাগার কাজটি কতটা উপভোগ করতে পারবেন, সেই প্রশ্নে। ধরা যাক, আপনার কয়েকজন বন্ধুর মধ্যে কেউ ছবি তুলতে ভালোবাসেন, কেউ ধাঁধা মেলাতে, কেউ আবার বাগান করা কিংবা বুননের মতো কাজে আনন্দ খুঁজে পান। সবার পছন্দ এক না হলেও একটি শখকে কেন্দ্র করে একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যায়। এমন ভ্রমণেই তৈরি হচ্ছে নতুন এক প্রবণতা, যার নাম ‘হবি হাবস’ শখকে ঘিরে গড়ে ওঠা ভ্রমণ

ভ্রমণের কারণ যখন নিজের ভালো লাগা

ভার্বোর বার্ষিক ভ্রমণ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে ৬৮ শতাংশ ভ্রমণকারী শখকে কেন্দ্র করে ভ্রমণের পরিকল্পনা করছেন। জেন জি ও মিলেনিয়াল প্রজন্মের মধ্যে এই আগ্রহ ৭৯ শতাংশ। আবার ৩৮ শতাংশ ভ্রমণকারী জানিয়েছেন, পাঁচ বছর আগের তুলনায় এখন ভ্রমণের পরিকল্পনায় তাঁদের ব্যক্তিগত শখ বেশি গুরুত্ব পাচ্ছে। পরিসংখ্যানের বাইরেও এর একটি সহজ ব্যাখ্যা আছে। প্রতিদিনের ব্যস্ততায় নিজের পছন্দের কাজগুলোর জন্য সময় বের করা কঠিন। কাজ, পরিবার, দায়িত্ব আর নানা ব্যস্ততার মধ্যে অনেক শখই ধীরে ধীরে পেছনে পড়ে যায়। ছুটির সময় সেই কাজগুলোতেই ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়। নতুন কোনো পরিবেশে পরিচিত শখের চর্চা যেন একসঙ্গে বিশ্রাম ও আনন্দের অনুভূতি দেয়। প্রতিবেদন অনুযায়ী, ৪১ শতাংশ ভ্রমণকারী নতুন পরিবেশে নিজের শখ উপভোগ করতে চান। একই সংখ্যক মানুষ চান একই আগ্রহের মানুষের সঙ্গে সময় কাটাতে। আর ৩৪ শতাংশের কাছে এমন ভ্রমণের বড় আকর্ষণ হলো দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও মনোযোগ সরিয়ে কিছুটা সময় নিজের মতো করে থাকা

দাদির আমলের শখ, নতুন প্রজন্মের ভ্রমণ

২০২৫ সালে হাতে-কলমে করা পুরোনো দিনের কাজের প্রতি নতুন করে আগ্রহ তৈরি হয়েছিল। সেলাই, বুনন, উল দিয়ে কাজ কিংবা কাগজের কারুকাজের মতো শখ আবার জায়গা করে নেয় মানুষের অবসরে। একসময় যেসব কাজকে অনেকে দাদির আমলের শখ বলে পাশ কাটিয়ে যেতেন, সেগুলোই এখন নতুন প্রজন্মের কাছে হয়ে উঠছে আনন্দের উৎস। এই আগ্রহের প্রভাব পড়ছে ভ্রমণেও

ভার্বোর তালিকায় আছে এমন কিছু থাকার জায়গা, যেগুলো নির্দিষ্ট শখের সঙ্গে মানানসই করে সাজানো। যুক্তরাষ্ট্রের পাম স্প্রিংসে পুরোনো জিনিস সংগ্রহের প্রতি আগ্রহীদের জন্য রয়েছে অ্যান্টিক সংগ্রহের আবহে তৈরি ভিলা। আবার কানাডার প্রিন্স এডওয়ার্ড দ্বীপে রয়েছে কারুশিল্পচর্চার উপযোগী কটেজ। এক্সপিডিয়া গ্রুপের বৈশ্বিক জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেলানি ফিশের ভাষ্য অনুযায়ী, ভ্রমণকারীরা এখন শুধু থাকার জায়গা খুঁজছেন না; তাঁরা এমন একটি উপলক্ষও খুঁজছেন, যেখানে প্রিয়জনদের সঙ্গে একত্র হওয়া যায় এবং নিজেদের পছন্দের কাজ ভাগ করে নেওয়া যায়

শখের সূত্রেই তৈরি হয় নতুন বন্ধুত্ব

শখকে ঘিরে দলবদ্ধ ভ্রমণ অবশ্য একেবারে নতুন নয়। গলফ খেলার দল, সেলাইয়ের গ্রুপ কিংবা দৌড়ানোর ক্লাব অনেকেই দীর্ঘদিন ধরে নিজেদের আগ্রহকে কেন্দ্র করে ভ্রমণ করছেন। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান রান ওয়াইল্ড রিট্রিটস প্রতিবছর প্রায় ২৫টি দলীয় দৌড় ও হাইকিং ভ্রমণের আয়োজন করে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ রিট্রিট লিডার লিজ আর্নল্ডের মতে, একই শখের মানুষ একসঙ্গে সময় কাটালে তাঁদের মধ্যে দ্রুত একটি বোঝাপড়া তৈরি হয়। পথ চলতে চলতে গল্প, ক্লান্তির মুহূর্তে একে অন্যকে উৎসাহ দেওয়া কিংবা দিনের শেষে অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এসবের মধ্য দিয়েই সম্পর্ক গভীর হয়। এখানে সবাইকে খুব ভালো দৌড়বিদ বা অভিজ্ঞ অভিযাত্রী হতে হয় না। একসঙ্গে কিছু উপভোগ করার ইচ্ছাটাই বড়। কখনো সেই আগ্রহের শুরু হয় একেবারে সাধারণ একটি আড্ডা থেকে। বন্ধুদের আলোচনায় মাহজং খেলার প্রসঙ্গ উঠল, তারপর একদিন সবাই মিলে ঠিক করলেন, এই খেলাকে কেন্দ্র করেই কোথাও বেড়াতে যাবেন। এভাবেই পরিচিত একটি শখ হয়ে উঠতে পারে নতুন ভ্রমণের উপলক্ষ

পরিকল্পনা হোক শখের মতোই আনন্দের

এধরনের ভ্রমণের পরিকল্পনায় প্রথমেই হোটেল বা গন্তব্য ঠিক না করে ভাবতে পারেন, সবাই মিলে কী করতে ভালোবাসেন। হাঁটা বা দৌড়ানোর পরিকল্পনা থাকলে কাছাকাছি হাঁটার পথ আছে কি না, সেটি দেখা জরুরি। রান্না, সেলাই কিংবা বোর্ড গেমের মতো আয়োজন হলে বড় খাবার টেবিল, খোলামেলা বসার জায়গা বা একসঙ্গে সময় কাটানোর উপযোগী থাকার ব্যবস্থা বেছে নেওয়া যেতে পারে। তবে একটি বিষয় মনে রাখা দরকার, একই শখ থাকলেই সবার দক্ষতা বা আগ্রহের মাত্রা এক হবে না। কেউ হয়তো ঘণ্টার পর ঘণ্টা ছবি তুলতে চাইবেন, অন্য কেউ কিছুক্ষণ পর বই নিয়ে বসতে চাইবেন। তাই ভ্রমণের পরিকল্পনায় সবার জন্য নিজের মতো সময় রাখাও জরুরি। প্রয়োজনীয় সরঞ্জাম কে নিয়ে আসবেন, কোন কাজের দায়িত্ব কার, সেগুলো আগেই ঠিক করে নিলে শেষ মুহূর্তের ঝামেলাও কমে

ফোরা ট্রাভেল অ্যাডভাইজার এবং এলিভেট হসপিটালিটি কালেক্টিভের প্রতিষ্ঠাতা এমিলি জনসনের মতে, ভ্রমণের পুরো সময় একটি নির্দিষ্ট শখের পেছনে ব্যয় করার পরিকল্পনা না করাই ভালো। এমন জায়গা বেছে নেওয়া উচিত, যেখানে শখের বাইরেও সবার উপভোগ করার মতো কিছু আছে। কারণ ভ্রমণের আনন্দ শুধু কতটা দৌড়ালেন, কতগুলো ছবি তুললেন কিংবা কত সারি বুনন শেষ করলেন, তার হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয়। কখনো সবচেয়ে সুন্দর মুহূর্তটি আসে কাজের ফাঁকে এক কাপ চা হাতে গল্প করতে করতে, কখনো নতুন বন্ধুর সঙ্গে পরিচয়ে, আবার কখনো বহুদিন পর নিজের পছন্দের কোনো কাজে মন দেওয়ার সুযোগে

শেষ পর্যন্ত শখভিত্তিক ভ্রমণের সবচেয়ে বড় প্রাপ্তি হয়তো নতুন কোনো জায়গা দেখা নয়; বরং সেই জায়গায় গিয়ে নিজেরই এক পুরোনো, আনন্দিত সত্তাকে নতুন করে খুঁজে পাওয়া। যে শখটি প্রতিদিনের ব্যস্ততায় অবহেলায় পড়ে থাকে, ছুটির কয়েকটি দিন তাকে আবার জীবনের অংশ করে তুলতে পারে। আর সেই আনন্দ যদি ভাগ করে নেওয়া যায় প্রিয় মানুষদের সঙ্গে, তাহলে ভ্রমণ শুধু ঘুরে আসার অভিজ্ঞতা থাকে না, হয়ে ওঠে মনে রাখার মতো একটি গল্প

সূত্র : ইয়াহু ট্রাভেল

ছবি: পেক্সেলডটকম