বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস। রবিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

পরে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে । এরপর প্রশাসন ভবনের সামনে এসে ৪৮ পাউন্ডের কেক কাটার মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তলন করা হয়

এসময় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান সহ সকল বিভাগ, হল সমূহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সহ ক্রিয়াশীল ছাত্রসংগঠন গুলোর নেতৃবৃন্দ ও ল্যাবরেটরি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়

এসময় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় এটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা বিস্তারে ইসলামী শিক্ষার সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এটি প্রতিষ্ঠা করেছিলেন । কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন যাবৎ সেই লক্ষ্যকে ভূলুণ্ঠিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি দায়িত্ব নেয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সেই হারানো লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি। জনগণের কষ্টার্জিত অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানকে আমরা কেবল সনদ বিতরণ বা বেকার তৈরির কারখানা হতে দেব না। মেধাবী শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। এ ছাড়া থিওলজিসহ সব অনুষদের কারিকুলামে ইন্ডাস্ট্রি-সংশ্লিষ্ট কোর্স বাধ্যতামূলক করা হচ্ছে।”

প্রসঙ্গত, ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে দুলালপুর-শান্তিডাঙ্গায় ১৭৫ একর জমিতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই হিসেবে প্রতিবছর ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় পালিত হয়ে আসছে